চীনে পা মেসিদের

আপডেট : ১১ জুন ২০২৩, ০১:২৯ এএম

ক্লাব ক্যারিয়ারে নিজের নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামিতে খেলবেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে মেজর লিগ সকারের দলটির সঙ্গে এখনো চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়নি। কারণ যুক্তরাষ্ট্রের লিগটিতে দলবদলের মৌসুমও শুরু হয়নি এখনো। তবে মেসি বসে থাকছেন না। ফিফা উইন্ডোতে আর্জেন্টিনার হয়ে খেলতে পৌঁছেছেন চীনের রাজধানী বেইজিংয়ে।

বৃহস্পতিবার প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচের পর ইন্দোনেশিয়ার জাকার্তায় ১৯ জুন স্বাগতিকদের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বকাপ জয়ীরা।

চীনা সময় শনিবার সকালে নিজস্ব বিমানে করে বেইজিং পৌঁছান মেসি। তার সঙ্গে ছিলেন আনহেল ডি মারিয়া, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও নাহুয়েল মোলিনা।

তবে ‘এলএমটেন’কে ভোগান্তিতে পড়তে হয়েছিল। বিমানবন্দরে পাসপোর্ট জটিলতায় আধা ঘণ্টা অপেক্ষায় থাকতে হয়। সমস্যার সমাধান হলে সতীর্থদের নিয়ে বাসে করে হোটেলের উদ্দেশে রওনা হন মেসি। এ সময় সকাল থেকে অপেক্ষমাণ ভক্তদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন তিনি। এ নিয়ে সপ্তমবার চীনে এলেন মেসি।  এর আগে সবশেষ ২০১৭-তে এসেছিলেন। তখন মেসি খেলতেন বার্সেলোনায়।

মেসিদের আগে পড়ে আর্জেন্টিনার বাকি খেলোয়াড়রা বেইজিংয়ে পৌঁছে যান। বাকি শুধু জুলিয়ান আলভারেজ। গত রাতে ম্যানসিটির হয়ে ইন্তার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলার পর ইস্তাম্বুল থেকে আজ দলের সঙ্গে যোগ দেবেন ‘সাইডার’ নামে পরিচিতি আলভারেজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত