রাজশাহী নগরীর শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই ছাত্রের মরদেহ এক দিন পর উদ্ধার করা হয়েছে।
গতকাল রবিবার সকাল সাড়ে ৬টা ও দুপুর ১২টায় তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে গত শনিবার বেলা ১১টার দিকে নদীতে গোসল করতে নেমে ডুবে নিখোঁজ হয় দুই বন্ধু। নিহতরা হলো রাজশাহী নগরীর মেহেরচ-ি এলাকার সাইদুর রহমানের ছেলে গোলাম সারোয়ার সাইম (১৭) ও নগরীর দরগাপাড়া এলাকার মৃত খাজা মইন উদ্দিনের ছেলে রিফাত খন্দকার গালিব (১৭)। দুজনই রাজশাহীর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসির প্রথম বর্ষের ছাত্র ছিল।
রাজশাহীর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ জানান, কয়েকজন শিক্ষার্থী শনিবার বেলা ১১টার দিকে পদ্মা নদীতে গোসল করতে নামে। একসময় তারা গভীর পানির দিকে গেলে রিফাত ও সাইম তলিয়ে যায়। তারা সাঁতার জানত না। রবিবার সকাল সাড়ে ৬টার দিকে ভেসে ওঠে সাইমের মরদেহ। আর দুপুর ১২টার দিকে রিফাতের মরদেহ উদ্ধার করে ডুবুরিরা।
