বন্ধুর সঙ্গে পুকুরের পানিতে ডুব দিয়ে বেশিক্ষণ থাকার প্রতিযোগিতায় নেমে কুমিল্লার নাঙ্গলকোটে ইকবাল হোসেন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার মক্রবপুর ইউপির তুলাগাঁওয়ে এ ঘটনা ঘটে। ইকবাল ওই গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।
এলাকাবাসীর ভাষ্যমতে, বাড়ির পাশের একটি মাছের খামারে গোসল করতে যায় ইকবাল হোসেন ও তার এক বন্ধু (১৫)। পুকুরে নেমে অনেকক্ষণ খেলাধুলা করে তারা। একপর্যায়ে তারা পানিতে ডুব দিয়ে বেশিক্ষণ থাকার প্রতিযোগিতা শুরু করে। সে অনুযায়ী দুজনেই এক সঙ্গে পানিতে ডুবে দেয়। কিন্তু ইকবাল হোসেন তিন-চার মিনিটেও না উঠলে বন্ধুর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয় নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করি।
