১৪ বছর বয়সী কাইরান কাজী কোনো সাধারণ কিশোর নয়। এ বয়সেই সে যুক্তরাষ্ট্রের সান্তা ক্লারা ইউনিভার্সিটি থেকে কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল বিভাগ থেকে সম্মান ডিগ্রি অর্জন করেছে। প্রতিষ্ঠানটির ১৭২ বছরের ইতিহাসে সর্বকনিষ্ঠ গ্রাজুয়েট সে। এবার ইলন মাস্কের মহাকাশবিষয়ক প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রকৌশলী হিসেবে নিয়োগ পেয়েছে কাইরান। সেখানে সে স্টারলিংক প্রকল্পে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবে।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের প্লিসান্তো শহরে বাংলাদেশি মা-বাবার সন্তান কাইরান সবসময়ই বিজ্ঞান-তথ্যপ্রযুক্তিতে ব্যতিক্রমী ও প্রশংসনীয় বুদ্ধিমত্তা ও কৌতূহল দেখিয়েছে। তার বাবা মুসতাহিদ কাজী ও মা জুলি কাজী জানিয়েছেন, তাদের ছেলে মাত্র দুই বছর বয়সে পূর্ণ বাক্যে কথা বলা শুরু করে। বিভিন্ন আইকিউ পরীক্ষায় শিশু বয়সেই প্রতিভাধর হিসেবে পরিচিতি পায়।
তৃতীয় শ্রেণিতে পড়ার সময় তার যখন মনে হয় স্কুলের পড়াশোনা অতটা চ্যালেঞ্জিং নয়, তখন তার মা-বাবা ক্যালিফোর্নিয়ার কমিউনিটি কলেজে তাকে ভর্তি করে দেন। তখন তার মনে হয়, সেই বয়সে যা শেখা দরকার, সে তখন তাই শিখতে পারছে। এরপর ১১ বছর বয়সে সে সান্তা ক্লারা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়।
মাত্র ১৪ বছর বয়সী কাইরান কাজী ইলন মাস্কের মহাকাশবিষয়ক প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রকৌশলী হিসেবে যোগ দিয়েছে। স্পেসএক্সের ‘প্রযুক্তিগতভাবে চ্যালেঞ্জিং’ ও আনন্দঘন সাক্ষাৎকার সফলতার সঙ্গে শেষ করে এই চাকরি পেয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত এ কিশোর। চাকরি পাওয়ার পর সামাজিক মাধ্যম লিঙ্কডইনে কাইরান লিখেছে, ‘পৃথিবীর সেরা কোম্পানিতে আমি প্রকৌশলী হিসেবে যোগ দিতে যাচ্ছি; কোম্পানির স্টারলিংক প্রকৌশলী দলে যোগ দিচ্ছি আমি। এরা বিশ্বের সেই বিরল কোম্পানিগুলোর একটি, যারা বয়সের মতো পুরনো মানদন্ড দিয়ে সক্ষমতা ও পরিপক্বতা বিবেচনা করেনি।’
কাইরান কাজীর লিঙ্কডইন প্রোফাইলের তথ্যানুসারে, গত বছর সে ব্ল্যাকবার্ড ডট এআই নামের এক সাইবার ইন্টেলিজেন্স ফার্মে চার মাস মেশিন লার্নিংয়ের ইন্টার্ন হিসেবে কাজ করে। সেখানে সে সামাজিক মাধ্যমের আধেয় ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে কি না, তা শনাক্তের পরিসংখ্যানগত পদ্ধতি তৈরি করে। এবিসি ৭ নিউজকে কাজী বলেছে, ‘অনেকে মনে করে, আমি শৈশব থেকে বঞ্চিত হচ্ছি; কিন্তু আমার মনে হয় না বিষয়টি ঠিক। সেই মনোভাব থাকলে আমি এত দিনে মাধ্যমিক স্কুলে থাকতাম।’ যে স্টারলিংক দলে কাইরান কাজী কাজ করবে, সেটি মূলত স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দানকারী প্রতিষ্ঠান।
