নিজেকে সর্বকালের সেরা ভাবেন না জকোভিচ

আপডেট : ১৩ জুন ২০২৩, ০৫:৫১ এএম

নোভাক জকোভিচ ক্যারিয়ারের তৃতীয় ফ্রেঞ্চ ওপেন জিতেছেন রবিবার। ২৩তম গ্র্যান্ড স্ল্যাম জিতে নতুন উচ্চতায় উঠেছেন সার্বিয়ান সুপারস্টার। পুরুষ এককে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম তার। কিন্তু তবুও নিজেকে টেনিসের সর্বকালের সেরা ভাবেন না।

টেনিসের উন্মুক্ত যুগে জকোভিচের সমান ২৩ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা রয়েছে কেবল সেরেনা উইলিয়ামসের। ২৪ শিরোপা নিয়ে আরেক নারী অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্ট সবার ওপরে। আর দুটি শিরোপা জয়ে তাকেও পেছনে ফেলবেন জকোভিচ। তাই অনেকের মতেই জকোভিচই সর্বকালের সেরা।

কিন্তু জকোভিচ তেমনটা মানতে রাজি নন, ‘আমি বলতে চাই না, আমিই সর্বকালের সেরা। কারণ এতে অন্য যুগে জেতা সেরাদের অসম্মান করা হবে। এই আলোচনায় আমি ঢুকতে চাই না। আমি আমার নিজের ইতিহাস লিখছি। আলোচনাটা অন্যদের ওপর ছেড়ে দিতে চাই।’

গ্র্যান্ড স্ল্যামের দুই প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে যাওয়ায় খুশি জকোভিচ। রজার ফেদেরার অবসর নিয়েছেন। নাদাল ঘোষণা করেছেন ২০২৪ হবে তার শেষ মৌসুম। ৩৬ বছরের জকোভিচ বলেন, ‘গ্র্যান্ড স্ল্যামে তাদের দুজনের চেয়ে এগিয়ে যাওয়ার অনুভূতি চমৎকার। তবে সবাই নিজের ইতিহাসটাই লিখছে।’ অবসর নিয়ে জকোভিচ বলেন, ‘যেহেতু আমি গ্র্যান্ড স্ল্যাম জিতছি, কেন অবসরের কথা ভাবব। আমি এখনো সেরা টেনিসটা খেলে যেতে চাই।’

এর আগে ২০২২ অস্ট্রেলিয়ান ওপেন জিতে রজার ফেদেরারের ২০ গ্র্যান্ড সø্যামের রেকর্ড ভেঙেছিলেন রাফায়েল নাদাল। পরে ফ্রেঞ্চ ওপেন জিতে সংখ্যাটা ২২-এ নিয়ে যান তিনি। জকোভিচ ২০২৩ অস্ট্রেলিয়ান ওপেন জিতে ছুঁয়েছিলেন নাদালকে। আর রবিবার ফ্রেঞ্চ ওপেন জিতে ছাড়িয়ে গেছেন সবাইকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত