হকি ফেডারেশনের আলোচিত নির্বাচনের প্রাথমিক ফল এক সপ্তাহ আগেই প্রকাশ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত নির্বাচন কমিশন। গতকাল রিটার্নিং কর্মকর্তা ও জাতীয় ক্রীড়া পরিষদের আইন কর্মকর্তা এস এম কবিরুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ঘোষিত হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ২৮ সদস্যের নির্বাহী কমিটি। দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাক নির্বাচিত হয়েছেন আলোচিত সংগঠক ও রাজনীতিবিদ এ কে এম মমিনুল হক সাঈদ। রবিবার সাঈদের নেতৃত্বে ২৮ জন মনোনয়নপত্র জমা দেন। তাদের বিরুদ্ধে আর কোনো মনোনয়নপত্র জমা না পড়ায় নির্বাচন কমিশন গতকাল প্রাথমিক ফল প্রকাশ করে।
পাঁচ সহসভাপতি পদ পেয়েছেন আব্দুর রশিদ শিকদার, জাকি আহমেদ রিপন, মোহাম্মদ ইউসুফ, এম এ রাজ্জাক খান ও কাজী সাইফুল ইসলাম। যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন দেশের দুই সেরা ক্লাবের দুই প্রতিনিধি আবাহনীর মাহাবুবুল এহছান রানা এবং মোহামেডানের আরিফুল হক প্রিন্স। কোষাধ্যক্ষ হয়েছেন তেজগাঁও অগ্রগামী ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদুল হক। এ ছাড়া ১৯ জন হয়েছেন নির্বাহী সদস্য।
