সোনারগাঁয়ের জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূঁইয়াকে পিস্তল উঁচিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়েছে বলেও অভিযোগ করেন ওই চেয়ারম্যান। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চেয়ারম্যান হুমায়ুন বাদী হয়ে বিকেলে একজনের নাম উল্লেখসহ চার-পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করে সোনারগাঁ থানায় একটি অভিযোগ করেছেন।
অভিযোগ থেকে জানা যায়, হুমায়ুন কবির উপজেলার নয়াপুর বাজারের একটি ব্যাংক থেকে বের হলে তিনটি মোটরসাইকেলযোগে চার-পাঁচ যুবক এসে গতিরোধ করে। এ সময় তায়েব শিকদার নামে এক যুবক পিস্তল বের করে চার রাউন্ড ফাঁকা গুলি করে। গুলি ছোড়ার সময় চেয়ারম্যানকে অশ্লীল ভাষায় গালাগাল করে এবং হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।
হুমায়ুন কবির বলেন, ‘হামলাকারী জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হামীম শিকদার শিপলুর ভাতিজা।’
অভিযোগ অস্বীকার করে তায়েব শিকদার বলেন, ‘আমি একজন ছাত্রলীগকর্মী। চেয়ারম্যান সাহেবকে শ্রদ্ধা করি। এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই।’
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
