গাজীপুরের শ্রীপুরে এক রাতে তিনটি করবস্থান থেকে মোট পাঁচটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার মধ্যরাতে এসব চুরির ঘটনা ঘটে। উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগিরসিট গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদের পাশে দুটি পারিবারিক কবরস্থানের মধ্যে একটি থেকে দুটি ও অন্যটি থেকে একটি কঙ্কাল চুরি হয়। এ ছাড়া মসজিদ থেকে দেড় কিলোমিটার দূরে একই গ্রামের আরেকটি পারিবারিক কবরস্থান থেকে দুটি কঙ্কাল চুরি হয়।
কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মোমেনুল কাদের জানান, দেড় কিলোমিটারের মধ্যে তিনটি পারিবারিক কবরস্থান থেকে পাঁচটি কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি হয়। সকালে এলাকাবাসী বিষয়টি টের পায়। পরে পুলিশে খবর দেওয়া হয়।
শ্রীপুর মডেল থানার ওসি এ এফ এম নাসিম জানান, কঙ্কাল চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কবরস্থান থেকে কঙ্কাল চুরি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
