যেকোনো সম্পর্ক গড়ে ওঠা ও রক্ষায় যোগাযোগের ভূমিকা অপরিসীম। কী ক্যারিয়ারে, কী জীবনে সফলতার জন্য যোগাযোগ দক্ষতা উন্নয়নের বিকল্প নেই। যোগাযোগ দক্ষতার স্বরূপ এবং এ দক্ষতা উন্নয়নের উপায় নিয়ে লিখেছেন আনোয়ার হোসেন
ভালো ক্যারিয়ার গড়ে তোলার জন্য অবশ্যই দক্ষতার উন্নয়ন প্রয়োজন। দক্ষতা বিষয়টি অনেক ব্যাপক। একটি দক্ষতা অপর একটি দক্ষতার ওপর নির্ভরশীল। আপনি শুধু একটি বা দুটি বিষয়ে দক্ষতা অর্জন করে ক্যারিয়ারে সফল হতে পারবেন তা মনে করা ঠিক নয়। সাফল্য লাভ করার জন্য যত বেশি দক্ষতা অর্জন করা যায় ততই ভালো। ক্যারিয়ারে ভালো করতে গেলে যেসব বিষয়ে দক্ষতা অর্জন করতে হয় তার মধ্যে যোগাযোগ দক্ষতা আসে সর্বাগ্রে।
যোগাযোগ দক্ষতা : আপনি কীভাবে অন্য একজন ব্যক্তির কাছে সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করবেন তা নির্ভর করে আপনার যোগাযোগ দক্ষতার ওপর। অর্থাৎ কথাবার্তা, আচার-ব্যবহারের মাধ্যমে আপনি নিজেকে কতটা আকর্ষণীয় করে তুলবেন অন্যদের কাছে। তবে যোগাযোগ দক্ষতা বলতে শুধু নিজেকে অপরের কাছে আকর্ষণীয়ভাবে উপস্থাপনকেই বোঝায় না, বরং অপর পক্ষ কী বলতে বা বোঝাতে চাচ্ছে তা সঠিকভাবে বুঝতে পারাও বটে। যোগাযোগ একটি দ্বিপক্ষীয় প্রক্রিয়া। এই দ্বিপক্ষীয় প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষমতাই হলো যোগাযোগ দক্ষতা। ক্রমাগত অনুশীলনের মাধ্যমে যোগাযোগ দক্ষতায় উন্নতি করা সম্ভব।
উন্নয়নের কৌশল : যোগাযোগ দক্ষতায় দক্ষ হতে হলে আপনাকে নিম্নোক্ত বিষয়গুলো চর্চা করতে হবে।
অপরের সঙ্গে কথাবার্তায়, আলাপ-পরিচয়ে সবসময় সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ব্যবহারের চেষ্টা করবেন।
হীনম্মন্যতা ঝেড়ে ফেলুন। আত্মবিশ্বাসী হন।
শুদ্ধ উচ্চারণে কথা বলার অভ্যাস আয়ত্ত করুন। বাচনভঙ্গির উন্নয়নের জন্য উপস্থিত বক্তৃতা বা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন নিয়মিত।
পোশাক-পরিচ্ছদের ব্যাপারে যতœবান হন। অপরিচ্ছন্ন পোশাক পরবেন না। যা আপনাকে মানায় এবং অন্যরা পছন্দ করে সেটাই পরিধান করুন।
মুদ্রাদোষ পরিহার করুন। কথা বলার সময়, ‘ধরেন গিয়ে’, ‘আপনার’, ‘ইয়ে’ ইত্যাদি ব্যাকাংশ বলা থেকে নিজেকে বিরত রাখুন। হাতের নখ পরিষ্কার রাখুন। সর্বসমক্ষে নাক খোঁচানো, দাঁত খোঁচানো থেকে বিরত থাকুন। চুলের খুশকি এবং অন্যান্য রোগ-জীবাণু সম্পর্কে সতর্ক থাকুন।
আয়নার সামনে অথবা বন্ধুদের সঙ্গে কথা বলার সময় যথাসম্ভব শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করুন। তাহলে কাজের পরিবেশেও শুদ্ধ ভাষায় কথা বলা সহজ হবে। আঞ্চলিকতা যতটা সম্ভব পরিহার করুন।