দীর্ঘদিন অনাবৃষ্টির পর মৌলভীবাজারে গত বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টিতে স্বস্তি ফিরে এসেছে চা শিল্পাঞ্চলে। এই বৃষ্টির ফলে চা গাছে দ্রুত নতুন কুঁড়ি আসবে বলে আশা করছেন চা বাগান সংশ্লিষ্টরা। তারা বলছেন, দীর্ঘ খরার পর এই বৃষ্টি যেন আশীর্বাদ হিসেবেই এসেছে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, শ্রীমঙ্গলে গত বৃহস্পতিবার ৩৫ মিলিমিটার ও গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
শুক্রবার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার চা বাগান ঘুরে দেখা যায়, স্বস্তির বৃষ্টি পেয়ে শুষ্ক চা বাগান এখন অনেকটাই সবুজ হয়ে এসেছে। বাগান সংশ্লিষ্টরা জানান, কয়েক মাসের অনাবৃষ্টি এবং বিভিন্ন রোগের কারণে চা উৎপাদন হ্রাস পেয়েছিল।
বাংলাদেশীয় চা সংসদের (বিটিএ) সিলেট ব্রাঞ্চ চেয়ারম্যান গোলাম মোহাম্মদ শিবলী জানান, ‘দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় ও অধিক তাপমাত্রার কারণে বাগানে নতুন পাতা না আসায় উৎপাদন কমে গিয়েছিল। নতুন কুঁড়ি না আসা, পানির সংকট, লাল মাকড়সার আক্রমণ প্রায় সব চা বাগানেই ছিল। এই বৃষ্টিপাতের ফলে চা গাছগুলো সজীবতা ফিরে পেয়েছে। এখন চা গাছে দ্রুত নতুন কুঁড়ি আসবে। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রার বেশি চা উৎপাদন হবে।’
