শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ৮ শিক্ষার্থীর বিভিন্ন কোর্সের পরীক্ষা বাতিল করা হয়েছে।
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ২২৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানান রেজিস্ট্রার মো. ফজলুর রহমান।
বহিষ্কৃতদের মধ্যে শ্রেণি কক্ষে সহপাঠীকে মারধরের দায়ে ওই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের গুলশান আহমেদকে এবং সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অতিরিক্ত উত্তরপত্রে অসদুপায় অবলম্বন করায় একই বর্ষের সালমা আক্তার বীথিকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
বিভিন্ন কোর্সের পরীক্ষা বাতিল করা হয়েছে ৮ শিক্ষার্থীর। এর মধ্যে অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর ৫ জন ও একই বিভাগের স্নাতক প্রথম বর্ষের এক শিক্ষার্থী যে কোর্সের অসদুপায় অবলম্বন করেছে সেই কোর্সের পরীক্ষা বাতিল করা হয়েছে। এ ছাড়া জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের এক শিক্ষার্থীর ও রসায়নের এক শিক্ষার্থীর পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় সংশ্লিষ্ট সেমিস্টারের সকল কোর্সের পরীক্ষা বাতিল করা হয়েছে।
