গাজীপুরে গুলিবিদ্ধ সেই যুবকের মৃত্যু

আপডেট : ২১ জুন ২০২৩, ০৫:৪৭ এএম

গাজীপুর মহানগরীর সদর থানাধীন আদাবৈ এলাকার তৈরি পোশাকের একটি কারখানায় ঝুট ব্যবসার দখলে নেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে গুলিবিদ্ধ হন আতিকুল ইসলাম আতিক (৩২) নামে এক যুবক। গতকাল মঙ্গলবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। আতিক গাজীপুর মহানগরীর ছোট দেওড়া এলাকার বাসিন্দা মো. সুরুজ মিয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৬ জুন দুপুরে নেক্সট এক্সপার্ট জোন লিমিটেড ফ্যাক্টরির মেইন গেটের সামনে ঝুট মালামাল গাড়িতে তুলছিলেন আতিক। ওই সময় স্থানীয় সন্ত্রাসী মাসুম মিয়া, মো. রায়হানসহ ১০-১২ জন ঝুট মালামাল ওঠাতে বাধা দেয়। তারা আতিককে বেধড়ক মারধর করে। এ সময় কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। এতে তিনি কোমরে গুলিবিদ্ধ হন। গতকাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী খাদিজা আক্তার বাদী হয়ে মামলা করেছেন।

গাজীপুর সদর থানার ওসি জিয়াউল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওইদিনের ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়। এর আগে গুলিবিদ্ধ শাহাদাত হোসেনের মা করিমা বেগম বাদী হয়ে মামলা করেছেন। সদর থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযানে সদর থানাধীন ছোট দেওড়া এলাকা থেকে ব্ল্যাক শাহীনসহ তার ৯ সহযোগীকে গ্রেপ্তার এবং একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত