প্রকৌশলীর অ্যাকাউন্টে ৯ কোটি টাকার লেনদেন

আপডেট : ২৩ জুন ২০২৩, ০১:৪৩ এএম

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইব্রাহিম খলিলের বিভিন্ন ব্যাংক হিসাবে বেতন-ভাতার টাকা ছাড়াও ৮ কোটি ৭১ লাখ ৪১ হাজার টাকার বেশি সন্দেহভাজন লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাশাপাশি তার বিরুদ্ধে ১ কোটি ৪৬ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ এবং তার স্ত্রী মনোয়ারা বেগমের ২৫ লাখ ৯৩ হাজার টাকার বেশি অবৈধ সম্পদেরও প্রমাণ মিলেছে। আর এ কারণে গতকাল বৃহস্পতিবার মামলার অনুমোদন দেওয়া হয়েছে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঘুষ ও অনিয়ম-দুর্নীতি করে ইব্রাহিম খলিলের বিরুদ্ধে বিপুল পরিমাণ সম্পদ অর্জন ও বিদেশে পাচারসংক্রান্ত একটি অভিযোগ জমা পড়ে দুদকে। কমিশন অভিযোগটি অনুসন্ধানের জন্য দুদকের গাজীপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মোজাহার আলী সরদারকে দায়িত্ব দেয়। তার সুপারিশে ইব্রাহিম খলিল ও তার স্ত্রী মনোয়ারা বেগমের বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়।

অনুসন্ধানের প্রতিবেদনে বলা হয়, ইব্রাহিম খলিল ও তার স্ত্রীর সম্পদের হিসাব দাখিলের জন্য গত বছর সেপ্টেম্বরে দুদক থেকে নোটিস জারি করা হয়। ওই নোটিস পেয়ে তারা সম্পদের হিসাব বিবরণী দুদকে দাখিল করেন। তিনি অনিয়ম-দুর্নীতির মাধ্যমে ১ কোটি ৪৬ লাখ ৪৯ হাজার ৩৫ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। তারই প্রত্যক্ষ সহযোগিতায় স্ত্রী মনোয়ারা বেগম ২৫ লাখ ৯৩ হাজার ৯১৮ টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত