জবিতে মানববন্ধন

নতুন ক্যাম্পাসে পুলিশ ফাঁড়িসহ সাত দফা দাবি

আপডেট : ২৩ জুন ২০২৩, ০১:৪৪ এএম

ঢাকার কেরানীগঞ্জের তেঘরিয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নির্মাণাধীন নতুন ক্যাম্পাসের সীমানা প্রাচীর ভাঙার ঘটনায় কুশপুত্তিলিকা দাহ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন হয়। মানববন্ধনে অতিদ্রুত পুলিশ ফাঁড়ি নির্মাণসহ সাত দফা দাবি জানানো হয়। পরে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নির্মাণকাজে বারবার প্রতিবন্ধকতা সৃষ্টি করা অপ্রত্যাশিত। কেরানীগঞ্জে নির্মাণাধীন ক্যাম্পাসের ন্যূনতম নিরাপত্তাব্যবস্থা নেই। যার জন্য বিভিন্ন ইস্যুতে স্থানীয় অনেকে বারবার প্রতিবন্ধকতা সৃষ্টি করার সুযোগ পাচ্ছে। এতে মূলত তাদের নতুন ক্যাম্পাস নির্মাণকাজ পিছিয়ে যাচ্ছে।

শিক্ষার্থীরা আরও বলেন, গত সোমবার কেরানীগঞ্জের মুজাহিদনগর মাদ্রাসার পাশে বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীর ভাঙচুরের ঘটনা ঘটে স্থানীয় নূর আলম ওরফে বাবুলের নেতৃত্বে। এমন ন্যক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ক্যাম্পাসের নির্মাণকাজে ভবিষ্যতে আর কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে সবাই মিলে সেটি প্রতিহত করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত