ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ঈদুল আজহার ছুটির সময় ফাঁকা ঢাকায় তিন স্তরের নিরাপত্তা রাখা হবে। ফাঁকা ঢাকাতে যাতে চুরি-ডাকাতি না হয় সেজন্য ব্যবস্থা নেব। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যারা যাবেন বা ঢাকা ছাড়বেন তারা নগদ টাকা, গয়না ব্যাংক বা আত্মীয়ের বাসায় রেখে যাবেন। গতকাল বৃহস্পতিবার নিজ কার্যালয়ে পুলিশের বিভিন্ন বিভাগ, পরিবহন, হাটমালিক, ইজারাদার ও ব্যবসায়ীসহ বিভিন্ন সংস্থা এবং সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, বাসা ফাঁকা রেখে যারা গ্রামের বাড়িতে যাবেন তখন দয়া করে মূল্যবান বস্তু অর্থাৎ নগদ টাকা এবং গয়না খালি বাসায় না রেখে ব্যাংকে বা নিকটাত্মীয় বা যারা থাকবেন তাদের কাছে জমা রেখে যাবেন। ফাঁকা বাসায় কোনো দুষ্কৃতকারী যদি ঢোকে তাহলে মূল্যবান বস্তু চুরির ভয় থাকবে না।
ফাঁকা ঢাকার বাসাবাড়ির নিরাপত্তা দেওয়ার বিষয়ে কমিশনার বলেন, প্রত্যেক বাসায় যারা পাহারায় দায়িত্বে থাকেন তাদের নাম্বার নিয়ে আসব, আমাদের নাম্বার দেব। সিসি ক্যামেরাগুলো সচল আছে কি না তা চেক করা হবে। আমাদের কমান্ড কন্ট্রোল রুম থেকে পর্যবেক্ষণ করা হবে।
