গুনদোয়ান বার্সেলোনাতেই গেলেন

আপডেট : ২৩ জুন ২০২৩, ০২:১২ এএম

মৌসুমের মাঝেই বার্সেলোনাকে ইতিবাচক সাড়া দিয়েছিলেন ইকাই গুনদোয়ান। কিন্তু তাকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা চালায় ট্রেবল জয়ী ম্যানচেস্টার সিটি। যে কারণে তাকে পেয়েও যেন পাওয়া হচ্ছিল না কাতালান ক্লাবটির। তবে শেষ পর্যন্ত বার্সেলোনাকেই বেছে নিয়েছেন জার্মান মিডফিল্ডার।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দিপোর্তিভো ও দিয়ারিও স্পোর্তের সংবাদ অনুযায়ী, মিউনিখে বুধবার গুনদোয়ান শারীরিক পরীক্ষার পর বার্সার চিকিৎসকরা সবুজ সংকেত দিলে চুক্তি হয় দুই পক্ষের মধ্যে। প্রাথমিকভাবে এই চুক্তির মেয়াদ দুবছরের। অর্থাৎ ২০২৫ সাল পর্যন্ত কাতালান ক্লাবটির জার্সি পরে খেলবেন গুনদোয়ান। সুযোগ রয়েছে আরও এক বছর মেয়াদ বাড়ানোর। তবে এরজন্য দ্বিতীয় মৌসুমে মোট ম্যাচের অর্ধেকেরও বেশি ম্যাচ খেলতে হবে তাকে।

চুক্তিতে ৫০০ মিলিয়নের একটি রিলিজ ক্লজ আছে। স্প্যানিশ ক্লাবটি থেকে গুনদোয়ান বছরে ৯০ লাখ ইউরো বেতন পাবেন।

২০১৬-তে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ২৩ মিলিয়ন ইউরোতে ম্যানসিটিতে যোগ দিয়েছিলেন গুনদোয়ান। সিটির হয়ে ৩০৪ ম্যাচ খেলে ৬০ গোল করেন গুনদোয়ান। ইতিহাদে ৭ বছরে ৫টি লিগসহ ১৪ ট্রফি জিতেছেন। বিদায়ী মৌসুমে সিটির হয়ে ৫১ ম্যাচে করেছেন ১১ গোল।

গুনদোয়ানের জায়গায় মাতেও কোভাচিচকে দলে ভেড়াতে চাইছে সিটি। চেলসিতে খেলা ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডারের জন্য নাকি প্রায় ৩০ মিলিয়ন ইউরো দিতে রাজি সিটি।

চেলসি এবারের দলবদলে খেলোয়াড় দলে ভেড়ানোর চেয়ে বিক্রিতে বেশি নজর দিয়েছে। ইউরোপের গণমাধ্যমের খবর কাই হাভার্টজকে নিতে চায় আর্সেনাল। আরও দুই মৌসুম চুক্তির মেয়াদ আছে হাভার্টজের চেলসির সঙ্গে। তাই নিতে গানার্সদের খরচ করতে হবে ৭৮ মিলিয়ন ইউরো।

বেনজেমা সৌদির ক্লাবে যাওয়ার পর জুড বেলিংহামকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। এবারের দলবদলে খেলোয়াড় কেনার চেয়ে পুরনোদের সঙ্গে চুক্তি নবায়নে বেশি নজর দিয়েছে ক্লাবটি। নাচো, টনি ক্রুসের সঙ্গে এক বছর চুক্তি নবায়ন করেছে রিয়াল। ৩৩ বছরের ক্রুসের সঙ্গে রিয়ালের চুক্তি বেড়েছে এক বছর। ২০১৪ সালে রিয়ালে যোগ দেন ক্রুস।

এবারের দলবদলে ইউরোপ ছেড়ে সৌদি আরবের ক্লাবে গেছেন বেশ কয়েকজন খেলোয়াড়। তাদের মধ্যে বেনজেমা ছাড়াও আছেন এনগোলো কন্তে, রুবেন নাভাস, হাকিম জিয়েচ, এদোয়ার্দো মেন্দির নাম। গুঞ্জন আছে আরও বেশ কিছু খেলোয়াড়কে নিয়ে। শুধু খেলোয়াড় নয় কোচদেরও চড়া অর্থ দিয়ে নিজেদের ক্লাবে ভেড়াতে চাইছে সৌদির ক্লাবগুলো।

২০২৩-২৪ মৌসুমে ইউরোপের ক্লাব ফুটবলে দেখা যাবে না লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে। অর্থাৎ ২০০৪-০৫ মৌসুমের পর আগামী মৌসুমেই প্রথম এমন ঘটনা ঘটছে যে মেসি ও রোনালদো নেই ইউরোপিয়ান ক্লাব ফুটবলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত