মানিকগঞ্জের সিংগাইরে কালিগঙ্গা নদীতে কচুরিপানার জট তৈরি হওয়ায় নৌযান চলাচল সম্পূর্ণ বন্ধে হয়ে গেছে। এতে এক সপ্তাহ ধরে চরম দুর্ভোগে পড়েছেন নদীপথে যাতায়াতকারীরা। গতকাল শুক্রবার সকাল থেকে কচুরিপানা অপসারণে কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন।
জানা গেছে, স্থানীয়রাসহ দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের লোকজনের নদীপথে ঢাকার সঙ্গে যোগাযোগের অন্যতম নৌপথ কালিগঙ্গা নদী। এই নদীর জামশা সেতু সংলগ্ন স্থানে কচুরিপানার এমন ভয়াবহ জটের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, এক সপ্তাহ আগে পানির সঙ্গে পশ্চিমের উজান থেকে নেমে আসা কচুরিপানা জামশা সেতুর পিলারে আটকে যায়। নদীতে প্রায় এক কিলোমিটার জায়গাজুড়ে পর্যায়ক্রমে এ কচুরিপানা স্তরে স্তরে জমা হয়ে প্রায় তিন ফুটের মতো স্তূপে পরিণত হয়েছে। স্তূপ এতটাই শক্ত হয়েছে যে এর ওপর দিয়ে হেঁটে নদীর এপার থেকে ওপারে যেতে পারছে লোকজন। কচুরিপানার জটে আটকা পড়ে রয়েছে মালবাহী কয়েকটি ট্রলার ও বাল্কহেড। এদিকে গত বৃহস্পতিবার বিকেলে ফায়ার সার্ভিসের টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান ও ইউএনও দিপন দেবনাথ। এরপর গতকাল থেকে শুরু হয় কচুরিপানা অপসারণের কাজ।
ইউএনও দিপন দেবনাথ বলেন, ‘বাল্কহেড নিয়ে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে কচুরিপানা অপসারণ কাজ করে যাচ্ছি। আশা করছি শিগগিরই নৌযান চলাচল স্বাভাবিক করতে পারব।’
