স্ত্রীকে ধাক্কার প্রতিবাদ স্বামীকে বাসের চাকায় পিষে হত্যা

আপডেট : ২৫ জুন ২০২৩, ০২:০৩ এএম

গাজীপুরের শ্রীপুরে এক পোশাকশ্রমিককে বাস থেকে লাথি দিয়ে নিচে ফেলে দেন চালকের সহকারী। এরপর তাকে পিষে দিয়ে চলে যায় বাসটি। রাস্তা পার হওয়ার সময় স্ত্রীকে ধাক্কা দেওয়ার প্রতিবাদ জানাতে বাসটিতে উঠেছিলেন ওই পোশাকশ্রমিক। গত শুক্রবার রাত ৮টার দিকে তেলিহাটি ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙিলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

শ্রীপুরে নিহত পোশাককর্মীর নাম শহিদুল্লাহ মিয়া (৫০)। তিনি উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন শহিদুল্লাহ। গুরুতর আহত তার স্ত্রীর নাম তাহেরা খাতুন (৪৬)।

এ ঘটনায় গতকাল শনিবার বাসটির চালক শহীদ মিয়াকে (২৪) গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-১-এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসএম মাইদুল ইসলাম জানান, শ্রীপুরের তেলিহাটি এলাকা থেকে আটক করা হয় শহীদ মিয়াকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পোশাকশ্রমিক শহিদুল্লাহ রঙিলা বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়ক পার হয়ে অন্য পাশে দাঁড়িয়ে স্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন। স্ত্রী তাহেরা খাতুন রাস্তা পার হয়ে পাশ দিয়ে হেঁটে স্বামীর দিকে যাচ্ছিলেন। এ সময় তাকওয়া পরিবহনের দুটি বাস পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে যাওয়ার সময় একটি বাস তাহেরাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসে। শহিদুল্লাহ বাসটির গেটে ওঠার চেষ্টা করেন। তখন চালকের সহকারী লাথি দিয়ে ফেলে দিলে বাসটি তাকে পিষে দিয়ে চলে যেতে থাকে। পরে লোকজন ধাওয়া করে বাসটির গতিরোধ করে। বাসের চালক পালিয়ে গেলেও তার সহকারী হৃদয় আহম্মেদকে (২০) আটক করা হয়।

আহত তাহেরা খাতুনকে উদ্ধার করে প্রথমে একটি প্রাইভেট ক্লিনিকে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

মাওনা হাইওয়ে থানার ওসি কংকন কুমার বিশ্বাস বলেন, সড়ক পার হওয়ার সময় তাহেরা খাতুনকে চাপা দেয় হাইওয়ে মিনি পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পরে দৌড়ে চলন্ত বাসটিতে ওঠার চেষ্টা করেন তার স্বামী শহিদুল্লাহ। এ সময় পড়ে গিয়ে ওই মিনিবাসের চাকায় পিষ্ট হয়ে তিনি মারা যান। চালকের সহকারী হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত