মেয়েদের আশা দেখাচ্ছেন আরেক শ্রীলঙ্কান

আপডেট : ২৬ জুন ২০২৩, ০১:২৪ এএম

বাংলাদেশের পুরুষ এবং নারী, দুই জাতীয় দলেরই প্রধান কোচ শ্রীলঙ্কান। রবিবার চন্ডিকা হাথুরুসিংহে তার শিষ্যদের নিয়ে আফগানিস্তানের সঙ্গে সিরিজের আগে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রস্তুতিপর্ব শেষ করেছেন। আরেক শ্রীলঙ্কান হাসান তিলকরত্নে পাচ্ছেন না অবসর, কারণ ঈদুল আজহার পরপরই বাংলাদেশে চলে আসবে ভারতের মেয়েরা। প্রথমবারের মতো হোম অব ক্রিকেটে আন্তর্জাতিক ম্যাচে নিগার সুলতানা জ্যোতিরা খেলবেন। মেয়েদের ক্রিকেটের যে বর্ষপঞ্জি বা ফিউচার ট্যুর প্রোগ্রামস ঘোষণা করা হয়েছে, তার প্রথমটিতেই এশিয়া কাপ জয়ী ভারতকে আতিথ্য দেবে বাংলাদেশ। তিলকরতেœ জানালেন, প্রস্তুতি চলছে জোর কদমে।

‘আমাদের অনুশীলন এরই মধ্যে শুরু হয়ে গেছে, স্পিন বোলিং কোচ স্পিনারদের নিয়ে কাজ করছেন। আমরা জুলাইয়ের ১ তারিখ থেকে ক্যাম্প শুরু করব। আমার মনে হয় আমরা সমীহ করার মতো একটা দল, অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলে ভালো একটা দলই আছে আমাদের’, রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপে জানিয়েছেন তিলকরত্নে।

এশিয়া কাপে ভারতকে হারানোর কৃতিত্ব আছে বাংলাদেশের মেয়েদের, তবে সেটা ২০১৮ সালে। সাম্প্রতিক সময়ে ভারতের বিপক্ষে জয়ের উদাহরণ নেই বাংলাদেশের। তবে তিলকরত্নে আশাবাদী জ্যোতিদের নিয়ে, ‘ওদের অভিজ্ঞতা আছে, বাধা কাটিয়ে ওঠার মানসিকতা আছে, তবে নারী ক্রিকেটে আরও যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ধৈর্য। ওদের জায়গা দিতে হবে, আত্মবিশ্বাস গড়ে উঠতে দিতে হবে। ওদের সমর্থন করুন, সহযোগিতা করুন, ওরা সাফল্য এনে দেবে’। মেয়েদের এই দলটাকে নিয়ে স্বপ্ন দেখা থামাচ্ছেন না কোচ, ‘আসলে প্রক্রিয়া মেনে এগিয়ে যাওয়াই গুরুত্বপূর্ণ। আমাদের সামনে অনেক খেলা; ভারত আসছে, আরও অনেক খেলা আছে। আমি নিশ্চিত প্রক্রিয়া মেনে এগিয়ে গেলে সামনে ভালো কিছু ফলের সম্ভাবনা আছে। আমাকে কিছু ভালো সিদ্ধান্ত নিতে দিন যাতে করে আগামী দিনে ইতিবাচক কিছু ফল আনতে পারি’।

৯ জুলাই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি দিয়ে শুরু হবে ভারতের বিপক্ষে সিরিজ। ৯, ১১ ও ১৩ জুলাই হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ, এরপর ১৬, ১৯ ও ২২ জুলাই হবে তিনটি ওয়ানডে।

২০১২ সালের পর প্রথমবারের মতো শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলতে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। তিলকরত্নে জানালেন, এই নিয়ে বাড়তি উত্তেজনা কাজ করছে ক্রিকেটারদের মনে, ‘সব মেয়েই মুখিয়ে আছে খেলতে। আশা করছি ভারতের মুখোমুখি হওয়ার আগে আমরা মাঠে অনুশীলনের সুযোগ পাব যাতে মেয়েরা মানিয়ে নিতে পারে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত