ব্র্যাক ব্যাংককে ৫ কোটি ডলার ঋণ দিচ্ছে আইএফসি

আপডেট : ২৭ জুন ২০২৩, ১২:৪৫ এএম

কভিড-১৯ মহামারীর দীর্ঘস্থায়ী প্রভাব মোকাবিলায় ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকে (এসএমই) সহায়তা করতে ব্র্যাক ব্যাংক লিমিটেডকে ৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ^ব্যাংকের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএফসি এ তথ্য জানিয়েছে।

আইএফসি মনে করছে, এই ঋণসহায়তা দেশের ক্ষুদ্র ও মাঝারি খাতের কর্মসংস্থান টিকিয়ে রাখতে এবং ব্র্যাক ব্যাংকের বিদেশি মুদ্রার তারল্য বাড়াতে সহায়তা করবে। তারা বলেছে, এই ঋণসহায়তা ব্র্যাক ব্যাংকের এসএমই গ্রাহকদের চলতি মূলধন ও বাণিজ্য অর্থায়নে সহায়ক ভূমিকা পালন করবে।

এর আগে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের প্রাইম ব্যাংকের অনুকূলে একই ধরনের ঋণ দিয়েছিল আইএফসি। এবার ব্র্যাক ব্যাংককে দেওয়া এই ঋণে স্থানীয় ব্যাংক ও এসএমইগুলোর বৈদেশিক মুদ্রা অর্থায়নের চাহিদা পূরণে অন্য আন্তর্জাতিক বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণে অবদান রাখবে।

জনস্বাস্থ্য সংকটের সময় বিশেষ করে কভিডের সময় কোম্পানিগুলোকে সহায়তা করতে আইএফসি ৮ বিলিয়ন ডলারের  বৈশ্বিক কভিড-১৯ ফাস্ট ট্র্যাক অর্থায়ন প্যাকেজ ঘোষণা করে। এই নতুন বিনিয়োগ কভিড-১৯ এর পর ক্ষতিগ্রস্ত বা সংকটে থাকা কোম্পানিগুলোর জন্য চলতি মূলধন সমাধানের জন্য করা হচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে উদীয়মান বাজারের ব্যাংকগুলোতে বছরে ২ বিলিয়ন ডলার দেওয়া হচ্ছে। এই প্রকল্প ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) প্রাইভেট সেক্টর উইন্ডোর মিশ্রণ অর্থায়ন সুবিধার অংশ।

ব্র্যাক ব্যাংক বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বেসরকারি ব্যাংক এবং এই দেশের একমাত্র এসএমই-ফোকাসড ব্যাংক।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন বলেন, আমাদের এসএমই এবং করপোরেট গ্রাহকরা কভিড-১৯ এর বিরূপ প্রভাব থেকে আসা চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এছাড়া বিদেশি মুদ্রার অপর্যাপ্ত জোগানের কারণে তাদের নিয়মিত বাণিজ্য পরিচালনায় বাড়তি সমস্যা হচ্ছে।

কভিড-১৯ মহামারীর পর বিশ্বে অর্থনৈতিক ধীরগতির সৃষ্টি হয়েছে, যার পেছনে ভূ-রাজনৈতিক ঘটনাপ্রবাহসহ নানা কারণ রয়েছে।

দক্ষিণ এশিয়ার জন্য আইএফসির পোর্টফোলিও ম্যানেজার জুন ইয়ং পার্ক বলেন, বাংলাদেশের মতো রপ্তানি খাত চালিত অর্থনীতির দেশগুলো যারা নানা সামষ্টিক অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক সংকটের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ার মুখে পড়েছে, তাদের ব্যাংকিং খাতে আইএফসি সহায়তা করে আসছে। ব্র্যাক ব্যাংকের মতো যাদের উল্লেখযোগ্য এসএমই পোর্টফোলিও রয়েছে বাংলাদেশের এমন মুখ্য ব্যাংকিং পার্টনারদের আইএফসি অবিচল সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছে। ব্র্যাক ব্যাংকের সঙ্গে আইএফসির গত ১৯ বছরের মূলধন এবং ঋণের প্রতিশ্রুতি রয়েছে।

২০১০ সাল থেকে এ পর্যন্ত আইএফসি বাংলাদেশের বেসরকারি খাতের প্রবৃদ্ধিতে ৩ দশমিক ৬ বিলিয়ন ডলারের অধিক বিনিয়োগ করেছে, যার ফলে এদেশের নাগরিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। কভিড সংকটের শুরু থেকে আইএফসি এ দেশের বিভিন্ন ব্যাংক এবং কোম্পানিকে ৩৬ কোটি ডলারের চলতি মূলধন ও তারল্য সহায়তা দিয়েছে।

বাংলাদেশ, ভুটান ও নেপালের জন্য নিযুক্ত আইএফসির কান্ট্রি ম্যানেজার মার্টিন হল্টম্যান বলেন, তিন বছর লম্বা সময় করোনার প্রভাবের মধ্যে থাকার পর বাংলাদেশের ব্যবসায়ীরা চ্যালেঞ্জিং বাজার পরিস্থিতির মুখে পড়েছেন। ব্র্যাক ব্যাংককে সহায়তার মাধ্যমে আমরা বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে সহযোগিতা করতে এবং মহামারী পরবর্তী টেকসই অর্থনৈতিক দৃশ্যপটের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত