বাগেরহাট শহর থেকে বাড়ি ফেরার পথে আশীষ সাহা (৪২) নামে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। মুক্তিপণের দাবিতে তাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
গত সোমবার রাতে বাগেরহাট শহরের রেলরোডের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে করে গ্রামের বাড়িতে ফেরার পথে আশীষ সাহাকে অপহরণ করা হয়।
আশীষ বাগেরহাট শহরের রেলরোডে ঘর ভাড়া নিয়ে স্টেশনারি ও ইলেকট্রনিক পণ্যের পরিবেশক (ডিলারশিপ) হিসেবে ব্যবসা করে আসছেন।
আশীষের আত্মীয় শংকর কুমার সাহা অভিযোগ করেন, সোমবার সকালে আশীষ ব্যবসার কাজে বাগেরহাট শহরে যান। রাত সাড়ে ১২টার দিকে আশীষের ফোন নম্বর থেকে তার স্ত্রী ইশিতা সাহার ফোনে একটি কল আসে। ওই প্রান্ত থেকে বলা হয়, আমি আশীষের কাছে অনেক অনেক টাকা পাব। ওই টাকা দিয়ে দড়াটানা সেতুর চিংড়ি গবেষণা কেন্দ্রের সামনে এসে আশীষকে ছাড়িয়ে নিয়ে যেতে হবে। এ ঘটনা জানাতে ৯৯৯ নম্বরে ফোন করলে গভীর রাতে পুলিশ গিয়ে দড়াটানা সেতুর সামনে থেকে আশীষের মোটরসাইকেল, মানিব্যাগ, মোবাইল ফোন এবং একটি হাতুড়ি উদ্ধার করে।
বাগেরহাট সদর মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম নিখোঁজ আশীষকে উদ্ধারে পুলিশের একাধিক দল অভিযানে নেমেছে।
