প্রথম ওভারেই শাহিন আফ্রিদির ৪ উইকেট

আপডেট : ০২ জুলাই ২০২৩, ০৭:৩০ এএম

কুড়ি ওভারের খেলায় নতুন রেকর্ড গড়েছেন পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি। ইনিংসের প্রথম ওভারেই তিনি চার উইকেট নিয়েছেন। যা স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথমবার ঘটল। ইংল্যান্ডের দ্য ব্লাস্ট টি-টোয়েন্টিতে ট্রেন্ট ব্রিজে বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি। প্রথম ডেলিভারিটিই ছিল ওয়াইড, উইকেটকিপার ধরতে না পারায় ৫ রান চলে যায়। অমন এলোমেলো শুরুর পর শাহিন আফ্রিদি যেভাবে ঘুরে দাঁড়ালেন, তা রীতিমতো অবিশ্বাস্য।

পাকিস্তানের বাঁহাতি পেসার শাহিন রেকর্ড বইয়ে নাম লেখানো ওভারটির ম্যাচে বার্মিংহামের দরকার ছিল ১৬৯ রান। আর সেটি করতে নেমেই প্রথম ওভারে শাহিনের পেস-তোপে পড়েছে গ্লেন ম্যাক্সওয়েল, জ্যাক লিনটটদের দলটি।

শাহিনের প্রথম বৈধ ডেলিভারিই ছিল পায়ের পাতা তাক করা ইয়র্কার। সামলাতে না পেরে উপুড় হয়ে পড়েন বার্মিংহাম অধিনায়ক অ্যালেক্স ডেভিয়েস, এলবিডব্লিউর সিদ্ধান্ত দিতে দেরি করেননি আম্পায়ার। পরের বলে ব্যাটসম্যান ছিলেন ক্রিস্টিয়ান বেঞ্জামিন। ডানহাতি এই উইকেটকিপার ব্যাটসম্যান ইয়র্কার আসবে ভেবে স্কুপ খেলার চেষ্টা করেন। কিন্তু লো ফুলটস হয়ে আসা বল উল্টো স্টাম্পে টেনে নেন।

প্রথম দুই বলে দুই উইকেট নিয়ে শাহিন তখন হ্যাটট্রিকের দ্বারপ্রান্তে। ড্যান মোজলে এসে সেটা রুখে দেন। কিন্তু পঞ্চম বলে আর পারেননি। বাঁহাতি এই ব্যাটসম্যান ড্রাইভ করতে গিয়ে ওলি স্টোনের দারুণ ক্যাচে পরিণত হন। ওভারের শেষ বলে আরেকটি লো ফুলটসে বোল্ড হন এড বার্নার্ড। ৬ বলে ৪ উইকেট! শাহিনের দারুণ শুরুর পরও অবশ্য নটিংহামশায়ার ম্যাচটা জিততে পারেনি। ২ উইকেট ও ৫ বল হাতে রেখে ম্যাচ জিতে যায় বার্মিংহাম। শাহিন চার ওভারে ২৯ দিয়ে নেন ওই ৪ উইকেটই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত