রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ সহজ করতে মানিকগঞ্জ ও পাবনা জেলাকে সংযুক্ত করে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে আমরা পাবনাবাসী নামের একটি সংগঠন। গতকাল শনিবার সকালে পাবনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে কয়েকশ মানুষ অংশ নেন।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, উত্তরাঞ্চলের ১৬টি জেলার মধ্যে পাবনা প্রাচীনতম। কিন্তু পাবনা বরাবরই রয়ে গেছে অবহেলিত। পাকিস্তান আমল ও পরবর্তী স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বড় সড়ক যোগাযোগের পথ ছিল ঢাকা-মানিকগঞ্জের আরিচা-পাবনার নগরবাড়ী রুট। সে সময় এখানে যমুনা সেতু নির্মাণের দাবি ওঠে। ১৯৬৯ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গাইবান্ধার এক কর্মী সমাবেশে এ সেতু নির্মাণের দাবি করেন। ১৯৭১ সালে পাবনায় জনসভায় এই সেতু নির্মাণের ঘোষণা দেন বঙ্গবন্ধু। পরবর্তী সময়ে জাপান সরকারের সঙ্গে সেটি নিয়ে আলোচনাও করা হয়।
আমরা পাবনাবাসীর সমন্বয়কারী তৌহিদ হোসেন চপল বলেন, দীর্ঘ ৬০ বছর ধরে পাবনাবাসী মানিকগঞ্জ-পাবনা সংযোগ সেতুর দাবি জানিয়ে আসছেন।
