ঢাকার আফতাবনগর হাটে গরু বিক্রি শেষে ট্রাকে করে ফেরার পথে সাড়ে ১৪ লাখ টাকা লুটে নিয়ে শহীদুল ইসলাম (৫৫) নামে এক ব্যবসায়ীকে হত্যা ও ব্যাংক কর্মকর্তাসহ আরও চারজনকে পিটিয়ে আহত করেছে ডাকাতরা। পরে নিহত শহীদুলসহ চারজনকে বনপাড়া-হাটিকুমরুল সড়কের বড়াইগ্রামের আগ্রান এলাকায় এবং অন্যজনকে সিরাজগঞ্জের তাড়াশের মান্নাননগর এলাকায় ট্রাক থেকে ফেলে দিয়ে যায় ডাকাতরা।
গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে হতাহতদের উদ্ধার করে পুলিশ। নিহত শহীদুল বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নিজবলাইল গ্রামের মজনু প্রামাণিকের ছেলে। আহতরা হলেন বগুড়ার সোনাতলা থানার সোনাকানিয়া গ্রামের তফিজউদ্দিন সোনারের ছেলে ইউনুস আলী (৩০), সারিয়াকান্দি উপজেলার নিজ বলাইল গ্রামের মৃত কামাল সরকারের ছেলে আবদুস সালাম (৬০), আবদুস সালামের ছেলে ঢাকায় ইউসিবি ব্যাংকে কর্মরত নুর-এ আলম (৩০) ও একই গ্রামের সোলায়মান হোসেনের ছেলে রেজাউল করিম (৩৭)।
বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
