বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডনের শুরু হচ্ছে আজ থেকে। পুরুষ টেনিসের শীর্ষ খেলোয়াড় ও বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ আসর শুরু করবেন দ্বিতীয় বাছাই হিসেবে। শীর্ষ বাছাই হিসেবে খেলবেন কার্লোস আলকারাজ।
রেকর্ড ২৩ গ্র্যান্ড স্ল্যাম জয়ী জকোভিচ উইম্বলডন জিতেছেন ৭ বার। শেষ চার আসরের শিরোপা তারই। তাই দ্বিতীয় বাছাই হিসেবে খেলা জকোভিচ এবারও উইম্বলডনে ফেভারিট হিসেবেই নামবেন। টেনিসের উন্মুক্ত যুগে পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি ৮ বার উইম্বলডন জিতেছেন রজার ফেদেরার। জকোর সামনে সুযোগ সুইস কিংবদন্তিকে ছোঁয়ার। আর তা করতে পারলে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম শিরোপাজয়ী মার্গারেট কোর্টকেও (২৪ গ্র্যান্ড স্ল্যাম) ছোঁবেন তিনি।
অনেকের মতে এবার উইম্বলডনে জকোভিচকে আটকাতে পারবেন শুধু আলকারাজ। তিনি না পারলে ২৪তম গ্র্যান্ড সø্যাম সহজেই জিতবেন জকোভিচ। উইম্বলডন কর্র্তৃপক্ষ ড্র প্রকাশ করার পর টেনিস ভক্তদের অনেকে বলছেন, সহজ গ্রুপে (সেকশনে) দেওয়া হয়েছে জকোভিচকে। আবার কারও মতে আলকারাজও সহজ গ্রুপে।
একজন টুইটারে লেখেন, ‘জকোভিচকে টুর্নামেন্টটা উপহার দেওয়া হলো। এ মুহূর্তে তার বিপক্ষে ঘাসের কোর্টে জিততে পারে এমন খেলোয়াড় শুধু আলকারাজ, ভেরেভ এবং সিনার।’ আরেকজন লেখেন, যেমনটি ভাবছিলাম! আমার মনে হয় উইম্বলডন কর্র্তৃপক্ষ ৩৬ বছর বয়সী একজনকেই টুর্নামেন্টে টানা পাঁচবার জিততে দেখতে চাইছে।’
জকোভিচের গ্রুপে সবচেয়ে কম র্যাংকিংয়ের খেলোয়াড় ১৪তম বাছাই লরেঞ্জো মুসেত্তি। তবে জকোর সঙ্গে একই গ্রুপে আছেন তিনবারের গ্র্যান্ড সø্যাম জয়ী স্টান ওয়াওরিঙ্কা। অবশ্য ৩৮ বছরের ওয়াওরিঙ্কা সবশেষ কোনো গ্র্যান্ড সø্যাম জিতেছিলেন ২০১৬-তে। আর উইম্বলডনে তার সেরা সাফল্য কোয়ার্টার ফাইনাল (২০১৪, ২০১৫)।
জকোভিচ প্রথম রাউন্ডে খেলবেন আর্জেন্টিনার পেদ্রো কাচিনের বিরুদ্ধে। কোয়ার্টারে জকো মুখোমুখি হতে পারে রুবলেভ, নিক কিরগিওস বা আলিয়াসিমের সঙ্গে।
শীর্ষ বাছাই স্প্যানিশ আলকারাজের অর্ধে আছেন আলেকজান্দার ভেরেভ, ১৫তম বাছাই আলেক্স ডি মিনাউর। প্রথম রাউন্ডে এই স্প্যানিশ খেলবেন ফ্রান্সের জেরেমি চার্ডির সঙ্গে। আলকারাজের কোয়ার্টার ফাইনালে দেখা হতে পারে হলগার রুনের সঙ্গে।
নারী এককে শীর্ষ বাছাই ইগা সোয়াতেক। বর্তমান চ্যাম্পিয়ন এলেনা রেবাকিনা এবার তৃতীয় বাছাই। দ্বিতীয় বাছাই আরিয়ানা সাবালেঙ্কা। গেলবার উইম্বলডনে খেলতে পারেননি সাবালেঙ্কা। ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে গেল বছর উইম্বলডনে নিষিদ্ধ ছিলেন রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়রা।
তবে এবার নেই সেই নিষেধাজ্ঞা। বেলারুশের সাবালেঙ্কা উইম্বলডনে ফিরতে পেরে খুশি।
