দিনাজপুর সদর উপজেলার শশরা ইউনিয়নের উমরপাইল নতুনপাড়ায় আকস্মিকভাবে কয়েকটি গর্তের সৃষ্টি হয়েছে। গর্তগুলোর কারণে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে চরম আতঙ্ক। আর গর্তগুলো দেখতে ভিড় করছে আশপাশের মানুষ।
স্থানীয়রা জানিয়েছেন, গত শুক্রবার রাতে বৃষ্টির পর বিকট শব্দ করে গর্তগুলোর সৃষ্টি হয়। গত বুধবার সন্ধ্যা থেকে দিনাজপুরে বৃষ্টিপাত শুরু হয়। গত শুক্রবার রাতে বৃষ্টির মধ্যে আকস্মিকভাবে বিকট শব্দ করে উমরপাইল নতুনপাড়ার আবাদি জমি, বাগান ও বসতবাড়ির পাশে গর্তের সৃষ্টি হতে থাকে। গতকাল রবিবার পর্যন্ত এই এলাকায় একে একে ৮ থেকে ৯টি জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, ২০ বছর ধরে গ্রামটির বেশ কিছু জায়গায় বৃষ্টির পানি জমে ডোবায় পরিণত হতো। কিন্তু এবারই প্রথম কয়েক জায়গায় বৃষ্টির পানি জমার পর গর্তের সৃষ্টি হয়েছে এবং সেই গর্তে পানি ও মাটি প্রবেশ করছে। পাশাপাশি কিছু উঁচু জায়গায়ও গর্তের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে কৌতূহল ও আতঙ্ক দেখা দিয়েছে। সেই গর্ত দেখতে আসছে আশপাশের গ্রামের বহু মানুষ।
উমরপাইল গ্রামের আনিসুর রহমান জানান, আবাদি জমিতে দুই জায়গায় পানি বসে গেছে, গর্ত হয়েছে। এর আগে কখনো এমনটি হয়নি। আমরা ভয়ে আছি।
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শাহাদত হোসেন খান লিখন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটাকে সিংক হোল বলা হয়। পৃথিবীর বিভিন্ন স্থানেই এমন ঘটনা ঘটে। এটা আস্তে আস্তে পূরণ হয়ে যাবে।’
দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী বলেন, ঘটনা জানার পর সেখানে একজন কর্মকর্তাকে (ম্যাজিস্ট্রেট) পাঠানো হয়েছিল। তিনি বিস্তারিত জেনে প্রতিবেদন দেবেন।
