সাভারে পরকীয়া সম্পর্কে বাধা দেওয়ায় স্বামীকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় স্ত্রী ও তার প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যে হত্যাকা-ে ব্যবহৃত একটি পুরনো তালা ও রক্তমাখা বঁটি উদ্ধার করা হয়। গতকাল সোমবার দুপুরে সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন টাঙ্গাইলের সদর থানা এলাকার কান্দিলা গ্রামের মৃত আজমত আলী মিয়ার মেয়ে ইতি বেগম ওরফে রানী (৩৫) ও তার প্রেমিক সাভার থানার সাদাপুর পুরানবাড়ি গ্রামের মো. আব্বাস (৫০)। ইতি সাভারের হেমায়েতপুর এলাকার সেন্ট্রাল হাসপাতালে আয়ার কাজ করত এবং আব্বাস কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত।
হত্যাকান্ডের শিকার নুর ইসলাম ব্যাপারী (৫৫) ধামরাই থানার সুয়াপুর ইউনিয়নের কুঠিরচর গ্রামের নেহাজ উদ্দিন ব্যাপারীর ছেলে। তিনি সাধাপুর পুরানবাড়ি এলাকার আক্কাস আলীর বাড়িতে কেয়ারটেকার থেকে স্থানীয়ভাবে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।
সংবাদ সম্মেলনে শাহিদুল ইসলাম বলেন, গত ২৬ জুন রাতে সাভার মডেল থানাধীন সাদাপুর ভাঙা ব্রিজের পাশে অবস্থিত আক্কাস আলীর বাড়ি থেকে এক ব্যক্তির গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতের মাথায় আঘাত ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখম ছিল। এ ঘটনায় নিহতের প্রথম স্ত্রীর বড় ছেলে আলিম ব্যাপারী বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
