মাদারীপুরের ডাসার উপজেলার খাতিয়াল গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন টেঁটাবিদ্ধসহ মোট ছয়জন আহত হয়েছেন।
এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ হয়। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
সংঘর্ষে আহতরা হলেন ঝরনা বেগম (৫৫), ইমন মল্লিক (৩৫), আনোয়ার হাওলাদার (৪৫), শাজাহান মল্লিক (৫২), দেলোয়ার মল্লিক (৪০), ইয়ার হোসেন (৫২)। তাদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া সংঘর্ষ থেমে যাওয়ার পর দুই পক্ষের ৮টি বসতঘর ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খাতিয়াল গ্রামের সিরাজ মল্লিক ও এমদাদ খানÑ এই দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন থেকে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে গতকাল সকালে দুই পক্ষের লোকজন দেশে তৈরি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে ডাসার থানার পুলিশ ও জেলা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে সিরাজ মল্লিক বলেন, ‘আমি চাই এলাকায় শান্তি বিরাজ করুক। কিন্তু এমদাদ খানের লোকজন আর এমদাদ খান চায় না এই এলাকায় শান্তি বিরাজ করুক। এরা সব সময় আমাদের ওপর অত্যাচার, হামলা চালিয়ে থাকে।’
আর এমদাদ খান বলেন, ‘আজকে (গতকাল মঙ্গলবার) যে সংঘর্ষের বিষয়টা, এটা সম্পূর্ণ ঘটিয়েছেন সিরাজ মল্লিক ও তার লোকজন। আমরা আগে তাদের সঙ্গে লাগতে যাই নাই।’
ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান বলেন, সংঘর্ষের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি দেশে তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে। উত্তেজনা থাকায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
