আকরাম হত্যার জট খুলল পিবিআই

আপডেট : ০৭ জুলাই ২০২৩, ০৮:৩২ এএম

চট্টগ্রামে আকরাম উল্লাহ (৪৩) নামে এক কাভার্ড ভ্যানচালককে হত্যার পাঁচ দিনের মাথায় জট খুলেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)। রোজিনা আক্তার নামে এক পোশাককর্মীকে গ্রেপ্তারের পর এই হত্যার রহস্য উদঘাটন হয়। গেল সোমবার খুলনার দৌলতপুর থেকে রোজিনাকে গ্রেপ্তার করে পিবিআই। গত মঙ্গলবার আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদে পিবিআই কর্মকর্তাদের এই তথ্য দেন রোজিনা।

গত ১ জুলাই রাতে নগরের নিউমুরিং এলাকার একটি ভবন থেকে আকরাম উল্লাহর লাশ উদ্ধার করে পুলিশ। তিন বছর আগে আকরামের সঙ্গে রোজিনার পরিচয় হয়। গত এপ্রিলে তারা স্বামী–স্ত্রী পরিচয় দিয়ে বাসাটি ভাড়া নেন। হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যান রোজিনা। আকরাম নিহতের ঘটনায় তার ছেলে আশরাফুল ইসলাম ইপিজেড থানায় মামলা করেন। এরপর পিবিআই এ হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে।

জানা গেছে, আকরামের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগে। তার তিন সন্তান রয়েছে। স্ত্রী–সন্তানেরা থাকেন গ্রামের বাড়িতে। রোজিনার স্বামী থাকেন বিদেশে। তার একমাত্র সন্তান থাকেন বড় বোনের সঙ্গে।

পিবিআই চট্টগ্রাম মেট্রো পুলিশ সুপার নাইমা সুলতানা সাংবাদিকদের জানান, আকরামকে শ্বাসরোধে খুন করার কথা স্বীকার করেছেন রোজিনা। পিবিআইকে রোজিনা বলেছেন, ঘটনার দিন তার (রোজিনা) ইমোতে সৌদি আরব থেকে কল করে ব্যক্তিগত বিশেষ মুহূর্তের কিছু ভিডিও পাঠাতে বলেন তার স্বামী কবির মোল্লা। স্বামীর কথামতো রোজিনা ভিডিও করেন। কিন্তু এগুলো স্বামীর কাছে পাঠাতে পারছিলেন না রোজিনা। একপর্যায়ে রোজিনার মুঠোফোনে থাকা সেই ভিডিও দেখে তাকে শারীরিক সম্পর্কের জন্য চাপ দেন আকরাম। অসুস্থ থাকায় রোজিনা রাজি হননি। ক্ষিপ্ত হয়ে রোজিনার ভিডিওটি তার স্বামীসহ আরও কয়েকজনের কাছে পাঠিয়ে দেওয়ার হুমকি দেন আকরাম। এ সময় আকরামের কাছ থেকে মুঠোফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন রোজিনা। নিতে না পারায় অণ্ডকোষ চেপে ধরলে আকরাম বাসার মেঝেতে পড়ে যান। তখন তাকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে খুন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত