এই দিনে

আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১০:৩৪ পিএম

১৮৮৯ সালের এই দিনে জন্মগ্রহণ করেন কবি, প্রাবন্ধিক ও পাঠ্যপুস্তক রচয়িতা কালীদাস রায়। তার রচিত কাব্যগুলোর মধ্যে প্রথম কুন্দ (১৯০৮), কিশলয় (১৯১১), পর্ণপুট (১৯১৪), ক্ষুদকুঁড়া (১৯২২) ও পূর্ণাহুতি (১৯৬৮) বিশেষ প্রশংসা লাভ করে। গ্রামবাংলার রূপকল্প অঙ্কনের প্রতি আগ্রহ, বৈষ্ণবপ্রাণতা ও সামান্য তত্ত্বপ্রিয়তা ছিল তার কবিতাগুলোর বৈশিষ্ট্য। কালীদাসের শৈশব কেটেছিল মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে। সেখান থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি শিক্ষকতার বৃত্তি গ্রহণ করেন। কলকাতার ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে দীর্ঘকাল শিক্ষকতা করেছিলেন তিনি। ১৯১৩ সালে রংপুরের উলিপুর মহারানী স্বর্ণময়ী হাইস্কুলের সহ-শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু হয়। পরে ওই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন সাত বছর।

চব্বিশ পরগনার বড়িশা হাইস্কুলে শিক্ষকতা করার পর তিনি কলকাতার মিত্র ইনস্টিটিউশনের ভবানীপুর শাখায় প্রধান শিক্ষক পদে যোগ দেন এবং ১৯৫২ সালে অবসর গ্রহণ করেন। রবীন্দ্র ভাবধারায় প্রভাবিত হয়ে তিনি কাব্যচর্চা শুরু করেন। এরপর কবিতা, ছোটগল্প, রম্য সাহিত্য ইত্যাদি রচনা করেন। সাহিত্যকর্মের অবদানের জন্য কালীদাস রায় অনেক সম্মানে ভূষিত হয়েছেন। তিনি আনন্দ পুরস্কার লাভ করেন।

এ ছাড়া তিনি রংপুর সাহিত্য পরিষদ থেকে ‘কবিশেখর’ উপাধি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘জগত্তারিণী স্বর্ণপদক’ ও ‘সরোজিনী স্বর্ণপদক’, বিশ্বভারতীর ‘দেশিকোত্তম’ উপাধি, পশ্চিমবঙ্গ সরকারের ‘রবীন্দ্র পুরস্কার’ এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডি. লিট ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৭৫ সালের ২৫ অক্টোবর কলকাতায় মৃত্যুবরণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত