তামিম ইকবালকে সবকিছু থেকেই কিছুদিনের জন্য বিশ্রামের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। দেশ রূপান্তরকে তিনি জানিয়েছেন, কিছুদিন বিশ্রামের পর শুরু হবে তার পুনর্বাসন প্রক্রিয়া।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে কোমরের চোটে খেলতে পারেননি তামিম। ঈদের ছুটির পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বলেছিলেন ফিট না হয়েও খেলবেন প্রথম ওয়ানডে। এই নিয়ে কোচ চ-িকা হাথুরুসিংহের সঙ্গে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনের বাক্য বিনিময়ের ঘটনাটা গণমাধ্যমে প্রকাশ হওয়ার জের ধরে আচমকাই পদত্যাগ করেন তামিম। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে অবসরপত্র প্রত্যাহার করেন তামিম, জানান ছুটি কাটিয়ে এবং ফিট হয়ে এশিয়া কাপ দিয়ে দলে ফিরবেন। আগস্টের ৩১ তারিখে শুরু হবে এশিয়া কাপ, খেলা হবে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। তামিমের হাতে এখনো মাস দেড়েক সময় আছে ছুটি কাটিয়ে মন সতেজ করে আর পুনর্বাসন প্রক্রিয়া শেষে চোট সারিয়ে দলে ফেরার। তাই মনের ওপর দিয়ে ঝড়-ঝাপটা যাওয়ার পর তামিমকে কিছুদিন বিশ্রামেরই পরামর্শ দেবাশীষের, ‘কয়েকটা দিন সবকিছু থেকে দূরে থাকুক তামিম, সেটাই ওর জন্য ভালো। এরপর আমরা ওর রিহ্যাব শুরু করব, যেটা সে করছিল।’
তামিম অবশ্য ক্রিকেট থেকে পুরোপুরি দূরে থাকছেন না। সিরিজ চলার মধ্যে অবসর-নাটক মঞ্চায়নের পর ঢাকায় ফিরে সই করেছেন বিপিএল ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের সঙ্গে। ১৮ জুলাই পারিবারিক সফরে যাবেন দুবাই। ফেরার পর শুরু করতে পারেন পুনর্বাসন প্রক্রিয়া। ততদিনে বিসিবির মেডিকেল বিভাগে যার তত্ত্বাবধানে তামিম রিহ্যাব করছিলেন, সেই শাওন চলে আসবেন শ্রীলঙ্কা থেকে। দেবাশীষ জানালেন, ‘জুলিয়ান ক্যালেফাতো চলে গিয়েছেন ঠিকই, তবে তার জায়গায় আমাদের স্থানীয় যেসব ফিজিওরা রয়েছেন তারাই দেখবেন। তামিমকে দেখছিল শাওন, সে (ইমার্জিং) দলের সঙ্গে শ্রীলঙ্কা গেছে। সে চলে আসতে আসতে তামিমও ছুটি কাটিয়ে ফিরবে।’
গত কয়েক বছরে হাঁটু, আঙুল, কোমরসহ অনেক জায়গাতেই চোট পেয়েছেন তামিম। সবশেষ ব্যথাটা কোমরে, দেবাশীষ জানালেন, ‘ওকে কিছু ব্যায়াম দেখিয়ে দেওয়া হয়েছে যেগুলো তার করার কথা। ছুটি কাটিয়ে এলে আমরা দেখব।’ প্রয়োজনে বিদেশেও পাঠানো হতে পারে বলে জানিয়েছেন দেবাশীষ, ‘আগে আমরা দেখি বিষয়টা, প্রয়োজন হলে বিদেশে তো পাঠানো যেতেই পারে।’ চট্টগ্রামে চোট পেয়ে ওয়ানডে সিরিজ শেষ হয়ে গেছে পেসার এবাদত হোসেনের, তাকে নিয়েও চিন্তার কিছু নেই জানিয়েছেন দেবাশীষ, ‘চট্টগ্রাম পর্ব শেষ হলে পরে ওর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’
