ঢাকা-ব্যাংকক রুটে চালু হচ্ছে ডাবল ফ্লাইট

আপডেট : ১১ জুলাই ২০২৩, ০২:৪০ এএম

আসছে ১৬ জুলাই থেকে ঢাকা-ব্যাংকক রুটে প্রতিদিন ডাবল ফ্লাইট পরিচালনা করবে থাই এয়ারওয়েজ। দিনে ও রাতে চলবে এসব ফ্লাইট। গতকাল সোমবার সকালে রাজধানীর গুলশানে একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির বাংলাদেশ জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) এয়ার গ্যালাক্সি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ ইউসুফ ওয়ালিদ। এয়ার গ্যালাক্সি এ অনুষ্ঠানের আয়োজন করে।

আহমেদ ইউসুফ ওয়ালিদ বলেন, ঢাকা-ব্যাংকক রুটে আগে প্রতিদিন ফ্লাইট থাকলেও ডাবল ফ্লাইট ছিল না। এখন থেকে সেই সুবিধা পেতে যাচ্ছেন যাত্রীরা। প্রতিদিন ব্যাংকক থেকে রওনা হয়ে ঢাকায় পৌঁছাবে দুপুর ১২টা ১০ মিনিটে এবং ঢাকা থেকে ব্যাংককে রওনা হবে দুপুর দেড়টায়। দিনের ডাবল ফ্লাইটগুলো এয়ারক্রাফট বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার অথবা বোয়িং-৭৭২। যাতে থাকবে ৩০ বিজনেস ও ২৬২ ইকোনমি ক্লাসের সিট। অন্যদিকে ব্যাংকক থেকে রওনা হয়ে রাত ১টা ৩৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। একই রাতে আবারও ঢাকা-ব্যাংককের ফ্লাইটে যাওয়া যাবে; যা ব্যাংককে পৌঁছাবে রাত ২টা ৪৫ মিনিটে। রাতের ফ্লাইটগুলো মডার্ন এয়ারবাস-এ ৩২০-২০০-তে পরিচালনা করা হবে। যাতে থাকবে ১৬৮ ইকোনমি ক্লাসের সিট।

তিনি আরও বলেন, ঢাকা-ব্যাংকক রুটে ডাবল ফ্লাইট চালু উপলক্ষে ‘হ্যাপি জুলাই’ নামে বিশেষ ছাড় রয়েছে। এ ছাড়ে দুজন ব্যক্তি একসঙ্গে ভ্রমণ করলে ৩০ কেজি লাগেজ ফ্রিতে বহনের সুবিধা পাবেন। অনুষ্ঠানে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম অফিসের থাই এয়ারওয়েজের সেলস ও বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত