খুলনাতে দ্বিতীয় যুব ওয়ানডে জিতে সিরিজে ফিরেছিল বাংলাদেশ। তবে গতকাল তৃতীয় ম্যাচ জিতে সিরিজে ফের এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির কারণে ম্যাচ হয় ৪৮ ওভারের। বাংলাদেশ ৯ উইকেটে তোলে ২৪১ রান। যা পাঁচ বল বাকি থাকতে ৪ উইকেট হাতে রেখে টপকে যায় প্রোটিয়া যুবারা।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রথম পাঁচ ব্যাটসম্যানের মধ্যে রিজওয়ান বাদে আর কেউ দাঁড়াতে পারেননি। ওপেনার রিজওয়ান ২ চার ও ৪ ছক্কায় ৯৮ বলে ৭৭ রান করেন। এছাড়া প্রথম পাঁচ ব্যাটসম্যানের বাকিদের রান এক অঙ্কের ঘরে। সপ্তম উইকেটে ৭৬ রানের জুটি গড়েন মাহফুজুর রহমান রাব্বি ও রাফি উজ্জামান রাফি। রাফি ২৩ রানে ফিরলে জুটি ভাঙে। রাব্বি আউট হন ইনিংসের শেষ বলে। ৬৬ বলে খেলেন ৭৪ রানের ইনিংস।
রান তাড়া করতে নামা দক্ষিণ আফ্রিকার ইনিংসে ছিল উল্টো চিত্র। উদ্বোধনী জুটিতেই আসে ১২৫ রান। দুই ওপেনার লুহান-ড্রি প্রিটোরিয়াস ৬৬ ও থেবে গাজিদে করেন ৫৩ রান। এছাড়া ডেভিড টিগের (৩০), অধিনায়ক জুয়ান জেমসের (৩৪) ইনিংস জয়ের পথেই রাখে দক্ষিণ আফ্রিকা যুব দলকে।
