চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ডাকবাংলো এলাকায় পাহাড় কেটে স্কুলের খেলার মাঠ প্রশস্ত করার অভিযোগ উঠেছে। এতে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।
গতকাল সরেজমিনে দেখা যায়, চুনতি উচ্চবিদ্যালয়ের খেলার মাঠের পাশে অবস্থিত পাহাড়টি এক্সকাভেটর দিয়ে কেটে ফেলা হচ্ছে।
এ ব্যাপারে চুনতি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন বাবর বলেন, চুনতি উচ্চবিদ্যালয়ের মাঠটি সম্প্রতি সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কারণে মাঠটি সংস্কারের জন্য পাশের পাহাড় থেকে মাটি কাটা হচ্ছে। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসে মাঠটি পরিদর্শন করেছেন এবং সংস্কারের উদ্যোগ নিতে বলেছেন। এ ছাড়া প্রয়োজনে আপনি বিদ্যালয়ের সভাপতির সঙ্গে কথা বলতে পারেন।
চুনতি উচ্চবিদ্যালয়ের সভাপতি ও চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু এ প্রতিবেদককে জানান, স্কুলের মাঠ সংস্কারের জন্য পাশের পাহাড় থেকে কিছু মাটি কাটা হচ্ছে। এ ব্যাপারে ইউএনওর সম্মতি নেওয়া হয়েছে। পরে আমরা এ কার্যক্রম শুরু করি।
তবে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ বলেন, আমি কোনো পাহাড় কাটার নির্দেশ দিইনি। সুবিশাল মাঠ রয়েছে, তবে কী কারণে পাহাড় কেটে মাঠ প্রশস্ত করতে হবে? তিনি আরও বলেন, কারা পাহাড় কাটছে প্রয়োজনে তাদের খুঁজে বের করুন। লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, বিদ্যালয়ের মাঠ সংস্কারের জন্য পাহাড় কাটা হচ্ছে এ বিষয়ে আমি কিছুই জানি না।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান দেশ রূপান্তরকে বলেন, পাহাড় কেটে খেলার মাঠ তৈরি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ তা অপরিহার্য জাতীয় স্বার্থ নয়। এ ঘটনায় যারা জড়িত, তাদের সংশ্লিষ্ট প্রশাসনের আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত।
