আগের ম্যাচে জয়ের খুব কাছাকাছি ছিল বাংলাদেশ। কিন্তু শ্বাসরুদ্ধকর সেই লড়াইয়ে শেষ পর্যন্ত ৪ উইকেটে হেরে যায় তারা। সেই হারের বদলাই যেন গতকাল টাইগার যুবারা নিয়েছে রাফি উজ্জামানের স্পিন ঘূর্ণিতে। তিনি একাই ধসিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে। তাতে ৪ উইকেটের জয় নিয়ে সিরিজে দ্বিতীয়বার ২-২ সমতা আনল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ১৭ জুলাইয়ের শেষ ম্যাচে হবে সিরিজের ফয়সালা।
যুবা টাইগারদের বাঁহাতি স্পিনার রাফি ১৮ রান খরচায় ১ মেডেনসহ ৫ উইকেট নেন। ১২৮ রানের জবাবে ব্যাট করতে নেমে হোঁচট খেয়েছিল বাংলাদেশও। ২৯ ওভারে জয়ের বন্দরে পৌঁছালেও হারাতে হয়েছে ৬ উইকেট। আদিল বিন সিদ্দিক, আশরাফুজ্জামান ও মাহফুজুর রহমান রাব্বি ২৫ রান করেন। আদিল আউট হয়ে গেলেও বাকি দুজনে ম্যাচ জিতেই মাঠ ছাড়েন। ম্যাচ সেরা হন রাফি।
