২২ জুলাই চট্টগ্রামে সমাবেশ করতে চায় জামায়াত

আপডেট : ১৫ জুলাই ২০২৩, ০৭:১৬ পিএম

চট্টগ্রামের লালদীঘি মাঠে আগামী ২২ জুলাই সমাবেশ করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশের অনুমতি চেয়ে দলের পক্ষ থেকে শনিবার (১৫ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে লিখিত আবেদন জানানো হয়েছে।

দলীয় সূত্র জানায়, চট্টগ্রাম বারের আইনজীবী অ্যাডভোকেট শামসুল আলমের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল সমাবেশ অনুষ্ঠানের জন্য লিখিত আবেদন নিয়ে শনিবার দুপুরে পুলিশ কমিশনার কার্যালয়ে যান। সিএমপির সংশ্লিষ্ট শাখা আবেদনটি গ্রহণ করেন।

জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী শাখার অফিস সেক্রেটারি এ এইচ এম কামাল স্বাক্ষরিত আবেদনে বলা হয়, দলের আমির ডা. শফিকুর রহমানের মুক্তি ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে ২২ জুলাই বিকেল ২টায় লালদীঘি ময়দানে সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমাবেশ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে অনুমতি প্রদানসহ পুলিশের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

চট্টগ্রাম মহানগর জাময়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ দেশ রূপান্তরকে বলেন, সর্বশেষ ২০১২ সালে আমরা চট্টগ্রাম মহানগরীতে দলীয় সমাবেশ করেছিলাম। এর পর গত ১১ বছর কোন সমাবেশের সুযোগ পাইনি। এবার ১০ দফা দাবিতে লালদীঘি মাঠে সমাবেশ করার জন্য পুলিশের অনুমতি চেয়েছি। আমরা মনে করি, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। ইতিমধ্যে ঢাকাতেও আমরা অনুমতি নিয়ে অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ সমাবেশ করেছি। আশা করছি, এখানেও আমরা অনুমিত পাবো এবং সকলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে সমাবেশ সম্পন্ন করতে পারবো।

সিএমপির নগর বিশেষ শাখার উপ পুলিশ কমিশনার মনজুর মোরশেদ দেশ রূপান্তরকে জানান, জামায়াতে ইসলামীর সমাবেশের অনুমতি চেয়ে জমা দেওয়া আবেদন আমরা পেয়েছি। তবে অনুমতির বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত