সৌদি আরবে আবাসিক, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহে প্রায় ১২ হাজার অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি গেজেটের খবরে বলা হয়, দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ৬ থেকে ১২ জুলাই পর্যন্ত ৭ দিনে সৌদি জুড়ে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ইউনিট যৌথ অভিযান চালায়। এতে প্রায় ১২ হাজার অভিবাসী গ্রেপ্তার হয়। গ্রেপ্তারের মধ্যে ৬ হাজার ৩৫৯ জন আবাসিক বিধি লঙ্ঘনকারী, ৩ হাজার ৭৫৩ জন সীমান্ত নিরাপত্তা বিধি ভঙ্গকারী ও ১ হাজার ৮০৩ জন শ্রম আইন লঙ্ঘনকারী রয়েছে। তা ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের সময় ৬৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৫৪ শতাংশ ইয়েমেনের, ৪৪ শতাংশ ইথিওপিয়ার ও ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক রয়েছে। বাসস্থান ও কাজের বিধি লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত থাকার অপরাধে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অবৈধভাবে প্রবেশের সুবিধা, পরিবহন, আশ্রয় অথবা কোনো সহায়তার অপরাধে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ডের পাশাপাশি ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে।
×
