সাইকেল রাখা নিয়ে সাব রেজিস্ট্রি অফিসে হামলা

আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১২:২৩ এএম

নেত্রকোনার কলমাকান্দায় বাইসাইকেল রাখাকে কেন্দ্র করে দুই দফায় সাব রেজিস্ট্রি অফিস ও সংলগ্ন কৃষি ব্যাংক কার্যালয়ের নিচতলায় হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। হামলায় এক দলিল লেখকসহ চারজন আহত হয়েছেন। গতকাল রবিবার দুপুরে উপজেলা সদরে হাট গোবিন্দপুর সড়কের চাঁনপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছেন দলিল লেখকরা।

জানা যায়, কৃষি ব্যাংকের প্রবেশপথের সামনে বাইসাইকেল রাখেন ভবতোষ নামের এক যুবক। সাইকেল সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করলে ওই যুবক কৃষি ব্যাংকের ম্যানেজারের সঙ্গে বাগ্্বিত-ায় জড়িয়ে পড়েন। এ সময় একজন দলিল লেখক ম্যানেজারের পক্ষে সাইকেল সরিয়ে নিতে অনুরোধ করেন। এর জের ধরে ওই যুবকের ছোট ভাই ছোট্টর নেতৃত্বে দুর্বৃত্তরা সাব রেজিস্ট্রি অফিসে ঢুকে হামলা ও ভাঙচুর করে। একপর্যায়ে এমজাদ মিয়া নামে একজন আপসের জন্য আসেন। কিন্তু মীমাংসা না হওয়ায় এমজাদের সঙ্গে আসা লোকজন দ্বিতীয় দফায় সাব রেজিস্ট্রি অফিস ও ব্যাংকের নিচতলায় গাড়ি রাখার স্থানে হামলা ও ভাঙচুর চালায়। এতে দলিল লেখক গিয়াস উদ্দিন এবং সেবা নিতে আসা বাবুল মিয়া (৪৫), মঞ্জুরুল ইসলাম (৫২) ও জানে আলম জনি (৪২) আহত হন। গিয়াস উদ্দিন স্থানীয়ভাবে চিকিৎসা নেন। বাকিদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সাব রেজিস্ট্রার মো. মিজানুর রহমান ও কৃষি ব্যাংক ম্যানেজার মো. মাজহারুল ইসলাম জানান, বাইসাইকেল রাখার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামের ছোট্ট ও এমজাদের নেতৃত্বে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দুই দফায় হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এতে চারজন আহত হন। পরে পুলিশ এলে হামলাকারীরা পালিয়ে যায়।

উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. আক্তার হোসেন বলেন, ‘এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।’

কলমাকান্দা থানার ওসি আবুল কালাম বলেন, ‘লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত