শেষপর্যন্ত মায়ামির হলেন লিওনেল মেসি

আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১২:২৮ এএম

লিওনেল মেসিকে নিজেদের খেলোয়াড় হিসেবে সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে মেজর আনভেইলিং ইভেন্ট নামের অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্টার মায়ামি। আপনি যখন এ রিপোর্টটি পড়ছেন, ততক্ষণে হয়তো শুরুও হয়ে গেছে সেই অনুষ্ঠান। ডিআরভি পিঙ্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় অনুযায়ী, ভোর ৪টায় শুরু হয়েছে মেসিবরণ অনুষ্ঠান।

এই অনুষ্ঠানের প্রায় ৩০ ঘণ্টা আগে মেসিকে নিজেদের খেলোয়াড় হিসেবে ঘোষণা করে ইন্টার মায়ামি। তখনো চুক্তির বিস্তারিত জানায়নি ইন্টার মায়ামি। ক্লাবটি আগে জানিয়েছিল চুক্তির মেয়াদ আড়াই বছরের। আর বছরে ৫০ থেকে ৬০ মিলিয়ন ডলার বেতন পাবেন মেসি, যা যোগ হয়ে চুক্তিমূল্য দাঁড়াবে ১২৫-১৫০ মিলিয়ন ডলার।

এক ভিডিওর মাধ্যমে মেজর সকার লিগের ক্লাবটি মেসিকে নিজেদের খেলোয়াড় হিসেবে ঘোষণা দেয়। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এক ভিডিও প্রকাশ করে ইন্টার মায়ামি, যেখানে দেখা যায় মাঠের মাঝখানে তৈরি করা দেয়ালে ‘মেসি’ লিখে গ্রাফিতি আঁকা হচ্ছে। এরপর হাজির হচ্ছেন মেসি। উল্টো দিক থেকে ঘুরে দুই হাত বুকের সঙ্গে জড়িয়ে। তারপর বলেন, ‘আমি এসেছি তোমাদের জন্য।’

বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো ক্লাব ছাড়ার দিন ১০ নম্বর জার্সিটা মেসিকে দিয়ে যান। পরে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিটাও হয়ে যায় মেসির। নিজ দেশের হয়ে এখনো ‘নম্বর টেন’ ব্যবহার করলেও বার্সা ছাড়ার পর ক্লাব ফুটবলে ৩০ নম্বর জার্সি পরে খেলেন। মূলত পিএসজিতে নেইমার ১০ নম্বর আগে থেকে হওয়ায়, মেসি ক্যারিয়ারের শুরুর দিকের নম্বরটি বেছে নেন। তবে ইন্টার মায়ামিতে ফের ১০ নম্বর জার্সিতেই দেখা যাবে মেসিকে। ভিডিওতে ইন্টার মায়ামির ১০ নম্বর জার্সি গায়েই দেখা গেছে মেসিকে।

মেসিকে নিজেদের করে নেওয়ার ঘোষণা ইন্টার মায়ামি দেওয়ার পর পরিবর্তন দেখা যায় ‘এমএলএস’-এর সামাজিক যোগাযোগমাধ্যমের বায়োতে। সেখানে একটি ছাগলের ইমোজি যুক্ত করে লেখা হয়, ‘গোট এখানে খেলে। গ্রেটেস্ট অব অল টাইম-গোট দিয়ে বা সর্বকালের সেরা বোঝানো হয়।

মেসিকে দলে নিতে পেরে খুশি মায়ামির মালিক হোর্হে মাস। তিনি বলেছেন, ‘মেসি ও তার পরিবারকে তাদের নতুন বাড়িতে স্বাগত জানাতে পেরে আমরা সম্মানিত। ২০১৮ সালে আমরা মায়ামিকে এমন একটি ক্লাব গঠনের ঘোষণা দিয়েছিলাম, যেখানে বিশ্বের অভিজাত খেলোয়াড়রা খেলবে। বসবে তারার হাট। আমি বিশ^াস করি, যুক্তরাষ্ট্রের ফুটবলে নতুন দিনের সূচনা হবে মেসির আগমনের মধ্য দিয়ে।’ মেসিকে মায়ামিতে আনার পেছনে বড় ভূমিকা আছে সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহামের। ক্লাবটির সহমালিক তিনি। মেসিকে দলে ভিড়িয়ে স্বপ্ন পূরণ হয়েছে বলছেন বেকহাম।

ফুটবল ছেড়ে সকারে নাম লেখানো মেসি বলেছেন, ‘আমার ক্যারিয়ারের পরবর্তী ধাপ শুরু করতে যাচ্ছি ইন্টার মায়ামি ও যুক্তরাষ্ট্রের ফুটবলের সঙ্গে। নতুন একটি অভিজ্ঞতা হতে যাচ্ছে ভেবেই আমি ভীষণ উত্তেজিত।’

মেসির যুক্তরাষ্ট্রে আসার প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে নানাভাবে। যুক্তরাষ্ট্রের হার্ড-রক ক্যাফে রেস্টুরেন্টে ‘মেসি চিকেন স্যান্ডউইচ’ নামে একটি খাবারের প্রচারণা চলছে। সেই স্যান্ডউইচ প্রচারণার জন্য একটি ভিডিও প্রকাশ করে তারা। তাতে উপস্থিত ছিলেন মেসি নিজেই। মেসিকে মায়ামির একটি সুপার শপে পরিবারসহও দেখা গেছে।

মেসিবরণ অনুষ্ঠানে থাকছে নানা আয়োজন। এর মধ্যে অন্যতম আকর্ষণ মিউজিক্যাল পারফরম্যান্স। গুঞ্জন আছে এ অনুষ্ঠানে গান গাইতে পারেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। গান গাইবেন আরেক কলম্বিয়ান গায়ক কামিলো। গাইবেন ওজুনা। তার গান টাকি টাকি গ্লোবাল হিট। আর্জেন্টিনার পাওলো লন্দ্রার গান গাওয়ার কথা আছে। একটি পর্ব থাকছে মেসিদের কথা বলা নিয়ে। কথা বলবেন মেসি, জর্জ মাস ও বেকহাম।

মেসিবারণ অনুষ্ঠান সরাসরি দেখা যাবে অ্যাপল টিভিতে। তবে অনুষ্ঠানের কিছু অংশ ইন্টার মায়ামির টুইটার ও ইউটিউবে লাইভ দেখানো হবে। সেগুলো এমএলএসের ফেসবুক পেজেও দেখা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত