জেলের জালে কুমির

আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১০:১৮ পিএম

বরিশালের মুলাদী উপজেলার জয়ন্তী নদীতে জেলেদের জালে ধরা পড়েছে একটি কুমির। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ঘোষেরচর গ্রাম সংলগ্ন নদীতে এই ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য রবিউল আলম জানান, সকালে ঘোষের চরের এক জেলে মাছ শিকারের জন্য জয়ন্তী নদীতে জাল ফেলেন। কিছুক্ষণ পরে জাল তুলতে গেলে দেখেন মাঝারি আকৃতির একটা কুমির উঠে এসেছে। এ খবর শুনে আশপাশের সব এলাকার মানুষ কুমির দেখতে ছুটে আসে। পরে খুলনা বন বিভাগে যোগাযোগ করা হয়। তারা কুমিরটি উদ্ধার করার আশ্বাস দিয়েছেন। তবে, মেঘনার শাখা জয়ন্তী নদীতে কুমির কীভাবে এলো তা পর্যালোচনা করে দেখা উচিত বলে মনে করেন তিনি।

জেলে জাবুল হোসেন তালুকদার জানান, নাজিরপুর ইউনিয়নের ঘোষের হাট ভুইয়া বাড়ির সংলগ্ন এলাকায় প্রতিদিনের মতো সকালে জাল ফেলেন তিনি। আইর ও পাঙাশ মাছ শিকারের ওই জাল তোলার সময় অনেক ভারী হয়ে যায়। পরে জাল টেনে কাছে আনার পর কুমিরটি দেখতে পান জেলে জাবুল। এতে ভয় পেলেও পরে কৌশলে টেনে নদীর তীরে আনেন কুমিরটিকে।

মুলাদী থানার ওসি মাহবুবুর রহমান বলেন, কুমিরটিকে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আগ পর্যন্ত কেউ যাতে ক্ষতি করতে না পারে সে জন্য নিরাপত্তা দেওয়া হচ্ছে।

বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল আলম বলেন, ‘কুমিরটি মিঠাপানির দেশীয় প্রজাতির। এই প্রজাতি প্রায় বিলুপ্ত। তাই এটি সংরক্ষণ করা প্রয়োজন। আমরা চিড়িয়াখানায় দেওয়ার জন্য চেষ্টা করছি। কিন্তু তারা আগ্রহ দেখাচ্ছেন না। তবে কোনো চিড়িয়াখানা না নিলে এটিকে সাগর মোহনায় ছেড়ে দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত