ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলে নতুন মুখ অফ স্পিনার কেভিন সিনক্লেয়ার। কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের হয়ে যিনি বাংলাদেশ সফর করে গেছেন। তিন ম্যাচের সিরিজটিতে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি।
অফস্পিন বোলিংয়ের সঙ্গে ব্যাটিংটাও ভালো করেন সিনক্লেয়ার। টেস্ট দলে প্রথমবার ডাক পেলেও এরই মধ্যে ৭টি ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
এই ২৩ বছর বয়সীকে ডাকা হয়েছে অলরাউন্ডার রেইমন রেইফারের বদলি হিসেবে। রেইফার ইনজুরির কারণে ছিটকে গেছেন। প্রথম টেস্টের দলে পরিবর্তন এই একটিই।
সিনক্লেয়ার সম্প্রতি জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইয়ে ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করেছেন। ছিলেন সংযুক্ত আরব আমিরাত সফরেও। তার আগে মে-তে বাংলাদেশ সফর করে গেছেন ‘এ’ দলের হয়ে।
সিলেটে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজে (চার দিনের ম্যাচ) ১৩ উইকেট নিয়ে ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারি। ব্যাট হাতে ৪৯.৬৬ গড়ে করেন ১৪৯ রান। দ্বিতীয় ম্যাচে দলের জয়ে ছিলেন ম্যাচসেরা। ক্যারিবিয়রা সিরিজটি জিতে ১-০ ব্যবধানে।
সিনক্লেয়ার এখন পর্যন্ত ১৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। নামের পাশে উইকেট ৫৪টি। ৬ ফিফটিতে ২৯.০৭ গড়ে রান করেছেন ৭৫৬।
প্রথম টেস্ট ইনিংস ও ১৪১ রানে জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আছে ভারত। ত্রিনিদাদে দ্বিতীয় টেস্ট শুরু হবে বৃহস্পতিবার থেকে।
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, আলিক আথানেজ, তেজনারাইন চন্দরপল, রাহিম কর্নওয়াল, জশুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার, আলজারি জোসেফ, কার্ক ম্যাকেঞ্জি, কেভিন সিনক্লেয়ার, কেমার রোচ, জোমেল ওয়ারিক্যান।
রিজার্ভ: টেভিন ইমলাখ, আকিম জর্ডান।
