গাজীপুরের কাপাসিয়ায় মৃত ব্যক্তিসহ জমির মালিকদের স্বাক্ষর জাল করে ২০টি পরিবারের প্রায় ৩০ বিঘা জমি বায়না রেজিস্ট্রি ও দখলের পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার সালদৈ-গিয়াসপুর সড়কের গাঁওরার কাজীবাড়ি চৌরাস্তা এলাকায় এ কর্মসূচিতে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অংশ নেয়।
উপজেলার বারিষাব ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য রায়হান শেখ জানান, গাঁওরার কাজীবাড়ি চৌরাস্তা এলাকায় একটি চায়না কোম্পানি বিরোধপূর্ণসহ প্রায় ২৪ বিঘা জমি বায়না দলিলের মাধ্যমে বছরখানেক আগে দখলে নিয়ে সীমানাপ্রাচীর নির্মাণ করে। তারা ছয়টি বায়না দলিলের মাধ্যমে ২০টি পরিবারের বসতভিটাসহ প্রায় ৩০ বিঘা জমি দখলের পাঁয়তারা করছে।
