মানব পাচার, চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ

আপডেট : ২২ জুলাই ২০২৩, ১২:৩৬ এএম

বিদেশি বাণিজ্যিক জাহাজে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার মামলায় মানব পাচারকারী চক্রের অন্যতম হোতা আবদুল গফুর ওরফে পানি গফুরকে গ্রেপ্তার করেছে মোংলা থানার পুলিশ। তার গ্রেপ্তারে এলাকার ভুক্তভোগীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

গ্রেপ্তার পানি গফুরের বিরুদ্ধে অবৈধভাবে বিদেশে মানবপাচার, জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া দলিলপত্র করে অপরের জায়গা-জমি দখল ও বিভিন্নজনের নামে সরকারি নানা দপ্তরে ভুয়া অভিযোগ পাঠিয়ে সাধারণ মানুষকে হয়রানি করার অসংখ্য অভিযোগ রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, মোংলা পৌর শহরের সামছুর রহমান সড়কের বাসিন্দা আবদুল গফুর ওরফে পানি গফুর নিজেকে বিদেশি জাহাজের ইঞ্জিনিয়ার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিদেশি জাহাজে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে আঙুল ফুলে কলাগাছ বনে গেছেন। পানি গফুর গত ২৬ জুন বাগেরহাটের বারাকপুরের তহমিনা বেগমের ছেলে তাওহীদ হাসানকে মাসিক দেড় লাখ টাকা বেতনে বিদেশি জাহাজে চাকরি দেওয়ার কথা বলে স্ট্যাম্পের মাধ্যমে সাড়ে ছয় লাখ টাকা নেন। বিশ দিনের মধ্যে হাসানকে জাহাজে চাকরি দেওয়ার আশ^াস দিলেও নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় তারা টাকা ফেরত চাইলে তাদের গফুর হুমকি-ধমকি এবং ভয়ভীতি দেখান। পরে এ ঘটনার প্রতিকার চেয়ে তহমিনা বেগম বাদী হয়ে গফুরের বিরুদ্ধে গত ১৯ জুলাই বাগেরহাট আদালতে মামলা করেন। সেই  মামলার গ্রেপ্তারি পরোয়ানায় গতকাল শুক্রবার দুপুরে গফুরকে সামছুর রহমান রোডের তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এতে গফুরের হাতে বিভিন্নভাবে হয়রানির শিকার মোংলার মানুষজন স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, জাল দলিলপত্র তৈরি করে এলাকার বিভিন্নজনের বাড়িঘর দখল, হামলা, লুটপাট ও মারপিটের ঘটনায় গফুরের বিরুদ্ধে মোংলা থানায় বেশ কটি মামলা রয়েছে। পুলিশের খুলনার ডিআইজি কার্যালয়ে তার কোনো এক নিকটাত্মীয় থাকার জোর দেখিয়ে এসব করছে গফুর। তার গ্রেপ্তারে আমরা খুশি। বিচারে গফুরের দৃষ্টান্তমূলক শাস্তি আশা করছি।

অপরদিকে, পুলিশ গফুরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার পথে তার ছবি তোলার সময় সাংবাদিকদের তিনি গালিগালাজ করাসহ দেখে নেওয়ার হুমকি দেন।

মোংলা থানার ওসি মোহাম্মদ সামসুউদ্দীন গফুরকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে আদালতে তোলা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত