সড়কে হঠাৎ ধস, বড় গর্তে দুর্ঘটনার শঙ্কা

আপডেট : ২২ জুলাই ২০২৩, ১১:৩০ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে গত শুক্রবার রাতে হঠাৎ করে একটি সড়কের একাংশ ধসে বড় গর্ত তৈরি হয়েছে। সড়কের ধসে যাওয়া অংশ গতকাল বিকেল পর্যন্ত মেরামত না করায় গর্তের পাশ দিয়ে আতঙ্ক ও ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। তবে ওই গর্তে রাতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা বেশি বলে জানিয়েছেন স্থানীয়রা।

সরেজমিন ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সড়কটি দিয়ে এই উপজেলা ছাড়াও ঢাকা, ধামরাই, মানিকগঞ্জ, টাঙ্গাইল, মির্জাপুর, ময়মনসিংহ, গাজীপুরের শ্রীপুরসহ বিভিন্ন জেলার হাজার হাজার যানবাহন চলাচল করে। গত শুক্রবার রাতে হঠাৎ করে উপজেলার শ্রীফলতলী এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে সড়কের একাংশ ধসে প্রায় ৫-৬ ফুট গভীর গর্ত তৈরি হয়। রাতেই ওই গর্তে পড়ে আহত হন কয়েকজন মোটরসাইকেল আরোহী। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এরপর দুর্ঘটনা রোধে পথচারী ও যানবাহনকে সতর্ক করতে আহত মোটরসাইকেল আরোহী ও স্থানীয়রা গর্তের পাশে বাঁশ বেঁধে দেন এবং গর্তে লাল নিশান উড়িয়ে দেন। স্থানীয়দের অভিযোগ, সড়কটির উন্নয়ন কাজে অনিয়ম এবং নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় সেখানে গর্ত তৈরি হয়েছে।

স্থানীয় মিনহাজ হোসেন ও হুমায়ূন আহমেদ ইমু বলেন, প্রথমে সেখানে একটা ট্রাক আটকে যায়। দুর্ঘটনার আতঙ্কে ওই ট্রাক থেকে কয়েকজন লাফিয়ে পড়েন। পরে গর্তটি বড় আকার ধারণ করে। এরপর দুর্ঘটনা এড়াতে সেখানে বাঁশ পুতে লাল নিশান ওড়ানো হয়।

গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপসহকারী প্রকৌশলী অভি আহম্মেদ সুজন বলেন, সড়কটির কাজে কোনো অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ঠিক নয়। ওই সুড়ঙ্গ বা গর্তের বিষয়টি আমার জানা নেই। আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। তবে খুব তাড়াতাড়ি সেটি মেরামতের ব্যবস্থা করা হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, আমরা পর্যবেক্ষণ করে বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে জানাব। যাতে ওই ক্ষতিগ্রস্ত স্থানটি অতিদ্রুত মেরামত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত