দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় গত ২৪ ঘণ্টায় অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষার্থীসহ পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় অবসরপ্রাপ্ত শিক্ষক, ঢাকায় ট্রাকচাপায় এক কলেজছাত্র, বগুড়ায় অজ্ঞাতনামা গাড়িচাপায় এক ভিক্ষুক ও নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নাটোরের ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
দেশ রূপান্তরের সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো তথ্যে বিস্তারিত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) প্রতিনিধি জানিয়েছেন, রাজধানীর হাতিরঝিল থানাধীন ওয়াপদা রোডের মুখে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলক গোমেজ (২১) নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার বন্ধু নয়ন (২২)। গত শনিবার রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোরে চিকিৎসক পুলককে মৃত ঘোষণা করেন।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরি গ্রামের বিপিন গোমেজের ছেলে পুলক। তিনি পরিবারের সঙ্গে গুলশান নর্দা এলাকায় থাকতেন। গুলশানের মার্টিন লুথার কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি। এক ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট ছিলেন পুলক। হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জানান, একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে তাদের হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক পুলককে মৃত ঘোষণা করেন। আহত নয়ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মারাত্মক আহত অবসরপ্রাপ্ত শিক্ষক জাফর আলী মুনশি (৬২) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে তিনি সেখানে মারা যান। কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক খান শরিফুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার টুকুবাজার এলাকায় রাস্তা পারাপারের সময় ওই শিক্ষককে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন।
বগুড়া প্রতিনিধি জানান, বগুড়ার শাজাহানপুরে একটি গাড়ির চাপায় মজিদ শেখ (৬০) নামে এক ভিক্ষুক নিহত হয়েছেন। গতকাল সকাল ৭টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের সি-ব্লক এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সকালে নিহতের পরিচয় জানা না গেলেও বেলা ২টার দিকে নিহত পরিচয় নিশ্চিত করেছে হাইওয়ে পুলিশ। নিহত মজিদ বগুড়ার শেরপুর উপজেলার মৃত আবদুল শেখের ছেলে।
নাটোরের বড়াইগ্রাম সংবাদদাতা জানান, নাটোরের বড়াইগ্রামে শ্যামলী পরিবহন ও গ্যাসের সিলিন্ডারবাহী একটি ট্রাকের মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শনিবার মধ্য রাতে নাটোর-ঢাকা মহাসড়কের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাসের সুপারভাইজার ঢাকার গাবতলী কারমাইকেল রোড এলাকার আবুল বাশারের ছেলে বেলাল হোসেন শুভ ও চালকের সহকারী চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর নুনগোলা এলাকার নজরুল ইসলামের ছেলে আনোয়ারুল ইসলাম। ঝলমলিয়া হাইওয়ে থানার পরিদর্শক মাসুদ রানা জানান, নিহতদের লাশ ও দুর্ঘটনাকবলিত বাস-ট্রাক উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
