বৃহস্পতিবার ইংল্যান্ডে নিজের বেছে নেওয়া ডাক্তার দেখিয়েছেন তামিম ইকবাল, সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরী, সংবাদ বার্তায় জানিয়েছে বিসিবি। তামিম দুই দিন ডাক্তারের পর্যবেক্ষণে থাকবেন, এরপর আবার তার শারীরিক অবস্থা পর্যালোচনা করা হবে।
মে মাসে যখন আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে এসেছিলেন বাংলাদেশ অধিনায়ক তামিম, তখনই নাকি ডা. টনি হ্যামন্ডের ব্যাপারে খোঁজখবর করে গিয়েছিলেন তামিম। ইস্টবাউন্ড ক্লিনিকের ওয়েবসাইটে ডা. হ্যামন্ডের ব্যাপারে লেখা রয়েছে, ‘তার দক্ষতার জায়গাগুলো হচ্ছে জরাগ্রস্তদের ওষুধ, বৃদ্ধ বয়সের মানসিকতা, আসক্তি নিয়ন্ত্রণ, ত্বক ক্যানসারের যত্ন, দীর্ঘস্থায়ী রোগের চিকিৎসা, পেশি ও হাড় সংক্রান্ত ওষুধ এবং মেরুদন্ডের চিকিৎসা।’ তামিমের সমস্যাটি দীর্ঘস্থায়ী, মেরুদন্ড সংক্রান্ত যা মাঝে মাঝে ছড়িয়ে পড়ে দেহের অন্যান্য অংশেও।
ডাক্তার দেবাশীষ মারফত ইংল্যান্ড থেকে বিসিবি জানতে পেরেছে, ‘তামিম তার পিঠের ব্যথার জন্য একজন মেরুদন্ড বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়েছেন এবং তাকে ব্যথা নিরাময়ের জন্য ইনজেকশন দেওয়া হয়েছে। তাকে আগামী ২ দিন পর্যবেক্ষণে রাখা হবে এবং এরপর কী ফল আসে তার ওপর ভিত্তি করে পরিস্থিতি পুনরায় পর্যালোচনা করা হবে।’
