টেক্সাসে এল ক্লাসিকোর উত্তাপ

আপডেট : ৩১ জুলাই ২০২৩, ০১:৩১ এএম

গত মৌসুম টানা তিন ম্যাচ হারার পর শেষ এল ক্লাসিকো জিতেছিল রিয়াল মাদ্রিদ। কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লিগ জিতেছিল তারা ৪-০ গোলে। এরপর শনিবার টেক্সাসে ফের মুখোমুখি হয় দুই স্প্যানিশ জায়ান্ট। প্রীতি ম্যাচ হলেও ছিল এল ক্লাসিকোর চিরচেনা উত্তাপ। বার্সেলোনা যেন নিল সেই হারের প্রতিশোধ। ৩-০ গোলে চিরপ্রতিদ্বন্দ্বীকে হারিয়েছে জাভির দল।

দুই দলই মাঠে নেমেছিল শক্তিশালী একাদশ নিয়ে। ৪-৩-৩ ফরমেশনে রিয়াল আক্রমণভাগে খেলিয়েছে ভিনিসিউস, রদ্রিগো ও জুড বেলিংহ্যামের মতো তারকাদের। অন্যদিকে বার্সার ছিলেন রবার্ট লেভানডফস্কি, উসমান দেম্বেলে। তাদের সঙ্গে ছিলেন ম্যানসিটি থেকে দলে আসা গুনদোয়ানও। এদিন বার্সা বাজিমাত করেছে মূলত ফিনিশিংয়ে।

১৫ মিনিটে বার্সাকে লিড এনে দেন ওসমান দেম্বেলে। পাঁচ মিনিট পর বক্সে রোনাল্ড আরাহোর হাতে বল লাগলে পেনাল্টি পায় রিয়াল। তবে ভিনির শট পোস্টে লেগে ফেরে। সেই থেকে শুরু, পরে ভিনির আরও দুটি এবং রিয়ালের মোট পাঁচটি শট পোস্টে লাগে। ম্যাচে ভিনির আরও দুটি শট পোস্টে লাগে। প্রথমার্ধের বাকি সময়ও ম্যাচে ফিরতে মরিয়া ছিল রিয়াল। বার্সাও চেয়েছিল ব্যবধান বাড়াতে। তা হয়নি।

৮৫ মিনিটে নিজেদের দ্বিতীয় গোলের দেখা পায় বার্সা। রবার্তোর কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে গোল করেন ফেরমিন লোপেজ মার্তিন। ম্যাচের ৬৬ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ২০ বছরের এই মিডফিল্ডার। তিনি বার্সা যুবদলের খেলোয়াড়। ম্যাচের যোগ করা সময়ে রিয়াল গোলকিপার থিবো কর্তোয়ার মাথার ওপর দিয়ে বল জালে পাঠান ফেরান তোরেস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত