শোকাবহ আগস্টের মাসব্যাপী কর্মসূচির প্রথম দিনে গতকাল মঙ্গলবার আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে বেলা ১১টায় দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে দলীয় নেতাকর্মীদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাভাবিক বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিম্ন আদালত থেকে সর্বোচ্চ আদালত পর্যন্ত গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করা হয়েছে। সাজাপ্রাপ্ত বেশ কিছু আসামি কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে কেউ প্রকাশ্যে আছে, কেউ পলাতক আছে। সাজাপ্রাপ্ত খুনিদের দ্রুত ফেরত নিয়ে এসে সাজা কার্যকর করতে পারলে বাংলাদেশের ইতিহাস কলঙ্কমুক্ত হবে, সেটি আমাদের করতে হবে। তবে ওই দেশগুলো খুনিদের ফেরত পাঠানোর ব্যাপারে সেই অর্থে সাড়া দেয়নি।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহসভাপতি সৈয়দ শাহাদত হোসেন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু প্রমুখ।
