নিজেদের প্রমাণ করে খুশি হার্দিক

আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০২:০৬ এএম

উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ছাড়া নেমেছিল ভারত। ওই ম্যাচে হেরে দুই বড় তারকাহীন দলটি পড়েছিল কঠোর সমালোচনায়। পরের ম্যাচে একই দল নিয়ে জিতে মুখরক্ষা করেছে তারা। স্বাগতিকদের ২০০ রানে হারিয়ে সিরিজও জিতেছে হার্দিক পান্ডিয়ার দল। সিরিজের শেষ ম্যাচে ভারত ৫ উইকেটে ৩৫১ রান তুলে জবাবে উইন্ডিজ ১৫১ রানে অলআউট হয়।

ম্যাচে দুই ওপেনার মিলে মাত্র ১৯.৪ ওভারে ১৪৩ রান তোলেন। শুভমান গিল ৯২ বলে ৮৫ ও ইশান কিশান ৬৪ বলে ৭৭ রান করেন। এছাড়া মিডলঅর্ডারে সঞ্জু স্যামসন ৪১ বলে ৫১, অধিনায়ক হার্দিক ৫২ বলে ৭০ ও সূর্যকুমার যাদব ৩০ বলে ৩৫ রান করেন। বোলিংয়ে শারদুল ঠাকুরের ৪ ও মুকেশ কুমারের ৩ উইকেটে ১৫ ওভার বাকি থাকতে বড় ব্যবধানে জেতে ভারত।

ম্যাচ শেষে এই চ্যালেঞ্জ জিততে পেরে সন্তুষ্টির কথা জানান হার্দিক, ‘সত্যি বলতে একজন অধিনায়ক হিসেবে আমি এমন ম্যাচ অবশ্যই জিততে চাইব। যেখানে আমরা নিজেদের সামর্থ্যরে প্রমাণ রাখতে পারি। এই ম্যাচের আগে আমরা বেশ সমালোচিত হই, কিছু বিষয় একদম দাগের ওপর ছিল। তাই এটা আমাদের জন্য শুধুই একটা আন্তর্জাতিক ম্যাচ ছিল না। আমরা জানতাম এখানে ব্যর্থ হলে বিশাল কিছু অপেক্ষা করবে। ছেলেরা এই মুহূর্তে দারুণভাবে ফিরে এসেছে।’

সিরিজের দ্বিতীয় ম্যাচ বিরাট-রোহিতকে ছাড়া খেলায় হেরেছিল ভারত। এই হারে প্রশ্ন জাগে তৃতীয় ম্যাচে দুই তারকাকে ফেরানোর। কিন্তু ভারত টিম ম্যানেজমেন্ট সেই পথে হাঁটেনি। হার্দিক জানান, ‘চাপের মুহূর্তগুলো ছাড়া আপনি নায়ক হতে পারবেন না। বিরাট ও রোহিত অবশ্যই আমাদের সেরা ক্রিকেটার কিন্তু রুতু (রিতুরাজ গায়কোয়াড়) ও অক্ষরদের (প্যাটেল) মতো ক্রিকেটারদেরও ম্যাচ পাওয়ার আছে। আমরা ওদের সেই ‍সুযোগ দিয়েছি। কোহলি-রোহিত ছাড়া আমরা প্রথম ম্যাচটি ব্যর্থ হই কিন্তু দ্বিতীয় ম্যাচে ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত