বরগুনার তালতলীতে এক প্রভাবশালী দীর্ঘদিন ধরে আমখোলা খাল দখল করে মাছ চাষ করে আসছিলেন। এতে ওই এলাকার পাঁচ শতাধিক কৃষক প্রায় ৭০ একর জমি চাষাবাদ করতে পারছিলেন না। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন ওই খালটি উদ্ধার করে দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার কবিরাজপাড়া এলাকার আমখোলা খালটি উদ্ধার করেন সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সোনাকাটা ইউনিয়নের কবিরাজপাড়া এলাকার স্থানীয় প্রভাবশালী ফারুক মোল্লা পেশিশক্তি দেখিয়ে দীর্ঘদিন ধরে আমখোলা নামক একটি সরকারি প্রবহমান খাল দখল করে দুটি বাঁধ নির্মাণ করে মাছ চাষ করে আসছিলেন। এতে ওই এলাকার পাঁচ শতাধিক কৃষকদের প্রায় ৭০ একর কৃষিজমি চাষাবাদ করতে পারতেন না। এ বিষয়ে বিষয়ে ভুক্তভোগী কৃষকদের পক্ষে নজরুল, কালাম ও হারুন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগটি তদন্ত করে সরকারি খাল হওয়ায় দখল করা খালটি উদ্ধার করে দেন সহকারী কমিশনার (ভূমি)।
খালটি দখলমুক্ত হওয়ায় এবং খালের পানির স্বাভাবিক প্রবাহ ফিরে আসায় এলাকার কৃষকদের মুখে হাসি ফুটেছে। সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত বলেন, এখন আর ওই এলাকার কৃষিজমি অনাবাদি থাকবে না বলে আশা করি।
